দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। অনেক ভ্রমণপ্রেমীর কাছে দেশটির পরিচয় মূলত আধুনিক নগরী কুয়ালালামপুরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে মালয়েশিয়া শুধু আকাশচুম্বী ভবনের শহর নয়। পাহাড়, সমুদ্র, দ্বীপ, ইতিহাস ও সংস্কৃতির অসাধারণ সমন্বয়ে গড়ে ওঠা এই দেশ ভ্রমণকারীদের জন্য এক বহুমাত্রিক অভিজ্ঞতার জায়গা।
ভৌগোলিকভাবে মালয়েশিয়ার বিস্তার দুটি অংশে। একটি উপদ্বীপ মালয়েশিয়া, অন্যটি বোর্নিও দ্বীপের অংশ। অনেকেই জানেন না, বোর্নিও অঞ্চলে মালয়েশিয়ার ভূখণ্ড মূল ভূখণ্ডের তুলনায় আরও বড়। মূল মালয়েশিয়ার আয়তন প্রায় ১ লাখ ৩১ হাজার ৬০০ বর্গকিলোমিটার, আর বোর্নিও অঞ্চলে মালয়েশিয়ার অংশ প্রায় ১ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার।
বোর্নিও ভ্রমণের জন্য আলাদা সময় রাখা প্রয়োজন। পুরো অঞ্চলটি ঘুরে দেখতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে। এখানেই অবস্থিত মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত কিনাবালু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৯৫ মিটার উচ্চতার এই পাহাড় ট্রেকিংপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ।
বোর্নিওর সেম্পোরনা অঞ্চলও পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। নীল স্বচ্ছ পানি, সাদা বালুর সৈকত এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে এই অঞ্চলকে অনেকেই মালদ্বীপ বা ফিলিপাইনের সঙ্গে তুলনা করেন। এখানে সমুদ্রের মাঝখানে নির্মিত ওয়াটার ভিলায় থাকার সুযোগও রয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে বিলাসবহুল অভিজ্ঞতা দেয়।
মালয়েশিয়ার উপদ্বীপ অংশেও রয়েছে অসংখ্য সুন্দর দ্বীপ। পূর্ব উপকূলে পারহেন্টিয়ান, রেডাং ও টিওমান দ্বীপ তাদের স্বচ্ছ পানি ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। অন্যদিকে পশ্চিম উপকূলে অবস্থিত লাঙ্কাউই ও পেনাং দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যটকদের কাছে জনপ্রিয়। পরিবার নিয়ে মালয় সংস্কৃতির পরিবেশে ছুটি কাটাতে লাঙ্কাউই বিশেষভাবে উপযোগী।
ইতিহাসপ্রেমীদের জন্য মালয়েশিয়ায় রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ শহর। পেনাংয়ের জর্জ টাউন এবং মালাক্কা ইউনেসকো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত শহর। ঔপনিবেশিক স্থাপত্য, পুরোনো চার্চ, মসজিদ ও মন্দিরের সহাবস্থান এই শহরগুলোকে আলাদা পরিচয় দিয়েছে। মালাক্কার ডাচ স্কয়ারের লাল ভবন কিংবা পেনাংয়ের রঙিন স্ট্রিট আর্ট অতীতের নানা গল্প তুলে ধরে।
যারা শীতল আবহাওয়া উপভোগ করতে চান, তাদের জন্য ক্যামেরন হাইল্যান্ডস আদর্শ গন্তব্য। বিস্তীর্ণ চা-বাগান, মেঘে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশ এই অঞ্চলকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। অনেক পর্যটক কুয়ালালামপুর থেকে দিনে গিয়ে ফিরে এলেও অন্তত এক রাত সেখানে কাটালে প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়।
সব মিলিয়ে মালয়েশিয়া এমন একটি দেশ, যেখানে আধুনিক শহরের পাশাপাশি রয়েছে প্রকৃতির শান্ত সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমুদ্রঘেরা দ্বীপের বৈচিত্র্য। তাই মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করলে শুধু রাজধানী শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার সুযোগ নিলে অভিজ্ঞতাটি আরও সমৃদ্ধ হবে।