ভারতের জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলমার্গে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয় গন্ডোলা ক্যাবল কারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর। মাঝআকাশে হঠাৎ থেমে যায় ক্যাবল কার পরিষেবা। এতে নারী ও শিশুসহ প্রায় ৩০০ পর্যটক বিভিন্ন ক্যাবিনে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মে) বিকেলে গুলমার্গ গন্ডোলা প্রকল্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গন্ডোলা থেমে গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি ক্যাবিন দীর্ঘ সময় বাতাসে ঝুলে থাকায় অনেক পর্যটক চিৎকার শুরু করেন। শিশুদের কান্না ও যাত্রীদের উৎকণ্ঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। উদ্ধারকর্মীরা ধাপে ধাপে প্রতিটি ক্যাবিন থেকে পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।
উদ্ধার অভিযান চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, আকাশে ঝুলন্ত ক্যাবিনের ভেতরে উদ্বিগ্ন পর্যটকরা অপেক্ষা করছেন এবং নিচে উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গন্ডোলা পরিষেবা বন্ধ হয়ে যায়। আটকে পড়া সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়াই ছিল প্রধান লক্ষ্য। একইসঙ্গে ত্রুটি শনাক্ত ও মেরামতে কাজ শুরু করেন প্রযুক্তিবিদরা।
ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কার্যালয় থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ক্যাবিন নিরাপদ ছিল। প্রশিক্ষিত উদ্ধারকারী দল দক্ষতার সঙ্গে পর্যটকদের সরিয়ে নিতে সক্ষম হয়েছে। আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
বিশ্বের অন্যতম উচ্চতম ও আকর্ষণীয় ক্যাবল কার হিসেবে পরিচিত গুলমার্গ গন্ডোলা। কাশ্মীরে ভ্রমণে যাওয়া দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন হাজারো পর্যটক এই গন্ডোলা ভ্রমণ করেন। ফলে এমন ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।