বাংলার কলম্বাস ডেস্ক
প্রভাবশালী ভ্রমণবিষয়ক সাময়িকী ‘ডেস্টিনএশিয়ান’ এর ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’ এ এশিয়ার সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।
সাময়িকীটি লিখেছে ‘চাঙ্গির বিশেষত্ব হলো, নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা কাকে বলে, সেই স্বাদ আপনি এখানে পেয়ে যাবেন। স্বয়ংক্রিয় চেক-ইন ও ইমিগ্রেশন গেট, আধুনিক শিল্পকর্ম ও উষ্ণমণ্ডলীয় সবুজে সজ্জিত শান্ত পরিবেশ, ২৪ ঘণ্টা খোলা সিনেমা হল, নানা ধরনের খাবারের ব্যবস্থা এবং আরও অনেক কিছু।’
প্রতিবেদনে বিমানবন্দরের ৪০ মিটার উচ্চতার ইনডোর জলপ্রপাতের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
চাঙ্গি বিশ্বে প্রথম দিকের বিমানবন্দরগুলোর একটি, যেখানে সব টার্মিনালে পাসপোর্ট ছাড়াই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর রয়েছে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর এবং ইন্দোনেশিয়ার জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর।
একই র‌্যাংকিংয়ে অঞ্চলের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। দ্বিতীয় স্থানে রয়েছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক।
এই পুরস্কার নির্ধারণ করা হয় বিশ্বজুড়ে লাখো পাঠকের ভোটের ভিত্তিতে। ভোটদাতাদের মধ্যে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অভিজ্ঞতাসম্পন্ন ভ্রমণকারী রয়েছেন। 
চলতি বছরে এশিয়ার সেরা ১০ বিমানবন্দর
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
২. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
৩. সুবর্ণভূমি বিমানবন্দর, ব্যাংকক
৪. সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর, জাকার্তা
৫. আই গুস্তি নগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দর, বালি
৬. কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর
৭. হানেদা বিমানবন্দর, টোকিও
৮. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দোহা
৯. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর
১০. ইস্তাম্বুল বিমানবন্দর