বসন্ত এলেই উত্তর আমেরিকার প্রকৃতিতে শুরু হয় এক নতুন প্রাণচাঞ্চল্য। শীতের বরফ ধীরে ধীরে গলতে থাকে, পাহাড়ি ঝরনা ও জলপ্রপাত শক্তিশালী হয়ে ওঠে, আর বনে ফুটে ওঠে অসংখ্য বুনো ফুল। একই সঙ্গে শুরু হয় পাখি ও বন্যপ্রাণীর মৌসুমি চলাচল। এ সময় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলো যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর প্রদর্শনীতে পরিণত হয়।
মার্চ থেকে জুনের মাঝামাঝি সময় বসন্ত ভ্রমণের জন্য আদর্শ। তবে সব পার্কে একই রকম অভিজ্ঞতা মেলে না। কোথাও কাদা বা গলতে থাকা তুষারের কারণে হাঁটার পথ কঠিন হয়ে যায়। আবার কিছু পার্ক পুরোপুরি খোলা হয় গ্রীষ্মে। তাই বসন্তে ভ্রমণের জন্য সঠিক জাতীয় উদ্যান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
পাখি দেখা, উষ্ণ প্রস্রবণ আর রাতের আকাশ দেখার জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিগ বেন্ড ন্যাশনাল পার্ক। ফেব্রুয়ারির শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত এখানে শত শত পরিযায়ী পাখি দেখা যায়। গবেষকদের হিসাবে পার্কটিতে চার শতাধিক প্রজাতির পাখি শনাক্ত হয়েছে। পাশাপাশি রিও গ্রান্ডে নদীর তীর ও পাহাড়ি এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য বড় আকর্ষণ।
ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক বসন্তে ভিন্ন অভিজ্ঞতা দেয়। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত এখানে অ্যালিগেটরের প্রজনন আচরণ দেখা যায়। দর্শনার্থীরা সাইকেল চালানো, হাঁটা কিংবা কায়াক নৌকায় ঘুরে বিশাল জলাভূমির পরিবেশ কাছ থেকে উপভোগ করতে পারেন।
বুনো ফুলের জন্য বিখ্যাত গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক বসন্তে রঙিন হয়ে ওঠে। এই পার্কে প্রায় দেড় হাজারের বেশি ফুলগাছ রয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পাহাড়ি ঢালে ফুটে ওঠে নানা রঙের ফুল। প্রায় আট শত মাইল দীর্ঘ হাঁটার পথ থাকার কারণে এটি হাইকিংপ্রেমীদের কাছেও জনপ্রিয়।
বন্যপ্রাণী দেখার জন্য অন্যতম সেরা গন্তব্য ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এপ্রিলের শেষ দিকে এখানে ভালুকের বাচ্চা, বাইসনের শাবক কিংবা নেকড়ের শাবক দেখা যায়। তুষার গলতে শুরু করলে পার্কের নদী ও জলপ্রপাতও আরও শক্তিশালী হয়ে ওঠে।
ক্যালিফোর্নিয়ার জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক বসন্তে মরুভূমির ফুলে ভরে যায়। শীতের বৃষ্টির পরে মার্চ ও এপ্রিল মাসে মরুভূমির বিস্তীর্ণ এলাকা পপি ও নানা বুনো ফুলে রঙিন হয়ে ওঠে। তুলনামূলক মৃদু তাপমাত্রার কারণে এই সময় পার্কটি ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত।
কলোরাডোর গ্রেট স্যান্ড ডিউন্স ন্যাশনাল পার্কে রয়েছে উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু বালিয়াড়ি। বসন্তের শেষ দিকে এখানে স্যান্ডবোর্ডিং ও স্যান্ড স্লেডিং জনপ্রিয় হয়ে ওঠে। মে মাসে পাহাড়ি তুষার গলে তৈরি হওয়া মেডানো ক্রিক পর্যটকদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করে।
রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় ওয়েস্ট ভার্জিনিয়ার নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভ। এপ্রিল মাসে এখানে প্রবল স্রোতের নদীতে হোয়াইট ওয়াটার রাফটিং করা যায়। পাশাপাশি পাহাড়ি পাথরের দেয়ালে রক ক্লাইম্বিংও পর্যটকদের কাছে জনপ্রিয়।