ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি অচল হয়ে পড়েছে। প্রতিদিন বাতিল হয়ে হয়ে যাচ্ছে হাজার হাজার ফ্লাইট, যার সরাসরি আঘাত এসে লাগছে পর্যটন খাতেও।

এমন অবস্থায় ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং সিরিয়ার মতো দেশগুলোকে আকাশপথ স্বাভাবিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মালয়েশিয়া।

সমস্যা নিরসনে এসব দেশ আন্তর্জাতিক বিমান চলাচল ও পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে এরই মধ্যে নিবিড়ভাবে কাজ শুরু করে দিয়েছে।

পর্যটনবিষয়ক সংবাদমধ্যমে ট্রাভেল অ্যান্ড টুর ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া আকাশপথের রুটগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার করতে এবং নিরাপদ বিকল্প পথে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। 

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) মতো বৈশ্বিক বিমান চলাচল সংস্থা এবং আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হয়ে মালয়েশিয়া ভ্রমণ বিভ্রাট লাঘব করা, প্রয়োজনীয় অপারেশনাল আপডেট দেওয়া এবং এই ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের ট্রানজিট প্রক্রিয়া সহজতর করতে অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্য নির্ধারণ করেছে।