বিদেশি পর্যটকদের ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হলেও দেশে থেকে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনানুগ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাদোক তিয়ং কিং সিং।

সোমবার ২ মার্চ দেওয়ান নেগারার অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যত পর্যটক প্রবেশ করেন, প্রস্থানকারীর সংখ্যাও সমান থাকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নটি উত্থাপন করেন সিনেটর হোসাইন ইসমাইল। তিনি প্রস্তাব দেন, নির্ধারিত সময় শেষে দেশ ত্যাগ না করা পর্যটকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্রমণ এজেন্টদেরও দায়বদ্ধতার আওতায় আনা উচিত।

জবাবে মন্ত্রী জানান, অনেক পর্যটক এজেন্টের মাধ্যমে এলেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি স্বতন্ত্রভাবে বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় আসেন। ফলে সমস্যাটি জটিল এবং সমন্বিত উদ্যোগ ছাড়া সমাধান সম্ভব নয়।

পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে চীনের দূতাবাসসহ কয়েকটি বিদেশি দূতাবাসের কাছে ভিসার মেয়াদোত্তীর্ণ পর্যটকদের তালিকা চেয়েছে। মন্ত্রী জানান, দূতাবাসগুলো প্রাথমিক তদন্ত চালাবে, অভিবাসন বিভাগ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্টদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে স্বরাষ্ট্র উপমন্ত্রী দাতোক সেরি ড. সামছুল আনোয়ার নাসারা বলেন, সাবাহ ও সারাওয়াকের অভিবাসন সংক্রান্ত স্বায়ত্তশাসন বহাল থাকবে। এটি মালয়েশিয়া এগ্রিমেন্ট ১৯৬৩ এবং ফেডারেল সংবিধানের আলোকে সংরক্ষিত অধিকার।

তিনি স্পষ্ট করেন, নতুন গঠিত মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি বোর্নিও অঞ্চলের এ বিশেষ ক্ষমতায় হস্তক্ষেপ করবে না। সংশ্লিষ্ট আইনের ৮৬০ নম্বর ধারার ৬(৩) উপধারা অনুযায়ী, দেশের প্রবেশপথে ব্যক্তিদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাবাহ ও সারাওয়াক রাজ্য কর্তৃপক্ষের নির্দেশনা মানা বাধ্যতামূলক।

একই অধিবেশনে উদ্যোক্তা ও সমবায় উন্নয়ন উপমন্ত্রী দাতোক মোহাম্মদ আল আমিন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় ঋণ প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন। ‘এ বি সি ডি’ কৌশলের আওতায় ঋণ অনুমোদনের সময় ১০ দিন থেকে কমিয়ে ৫ কার্যদিবস, বিকল্প অর্থায়ন ২১ দিন থেকে ৭ দিন, কার্যকরী মূলধন ঋণ ৩০ দিন থেকে ১৫ কার্যদিবস এবং ক্ষুদ্র ও মাঝারি অর্থায়ন ৩০ দিন থেকে ১৪ দিনে নামানো হয়েছে। আর রাহনু লেনদেনের সময়ও ৪০ মিনিট থেকে ১০ মিনিটে আনা হয়েছে।