ভ্রমণকারীদের জন্য বিমানবন্দর লাউঞ্জ, আন্তর্জাতিক লেনদেন ও ভ্রমণসুবিধার পাশাপাশি দৈনন্দিন কেনাকাটায় পুরস্কার পাওয়ার সুযোগ নিয়ে নতুন ক্রেডিট কার্ড চালু করেছে সিটি ব্যাংক। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’-এ বছরে নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি বিনামূল্যের লাউঞ্জ ভিজিটসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা থাকছে।

কার্ডটির আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। এটি জামানতভিত্তিক ও জামানতবিহীন দুই ধরনের সুবিধায় পাওয়া যাবে এবং দেশি-বিদেশি উভয় ধরনের লেনদেনে ব্যবহার করা যাবে।

ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৬ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেসের দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভ্রমণে যেসব সুবিধা

কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত, অথবা ৫ হাজার টাকা মূল্যের ভ্রমণ ব্যাগের ভাউচার থেকে একটি সুবিধা বেছে নেওয়া যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে কার্ডধারী সর্বোচ্চ দুজন সঙ্গীসহ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায়োরিটি পাস লাউঞ্জে বছরে ১২টি বিনামূল্যের ভিজিট পাওয়া যাবে। কার্ডধারী ও তাঁর অতিথিরা নিজেদের মধ্যে এই ১২টি ভিজিট ভাগ করে নিতে পারবেন। প্রতিবার প্রবেশ একটি ভিজিট হিসেবে গণনা হবে।

আন্তর্জাতিক এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সিটি ব্যাংকের নগদ উত্তোলন ফি থাকবে না। শাহজালাল বিমানবন্দরে কার্ডধারী সর্বোচ্চ দুজন অতিথিসহ বিনামূল্যে ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা পাবেন। আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের হোটেল বুকিংয়ে সাশ্রয়ের সুযোগের পাশাপাশি গো-জায়ানের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কিনলে নির্বাচিত ভ্রমণ বিমা ও লাগেজ সুবিধাও থাকছে।

প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচে তিনটি মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যাবে। এসব পয়েন্ট দিয়ে উপহার ভাউচার, বার্ষিক ফি মওকুফ কিংবা পয়েন্টের মাধ্যমে কেনাকাটার সুবিধা নেওয়া যাবে।

সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনে একটি কিনলে একটি বিনামূল্যে বুফে খাবারের সুবিধাও থাকছে। পাশাপাশি আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ভ্রমণ, খাবার, কেনাকাটা ও জীবনযাপনসংক্রান্ত বিভিন্ন অফার পাওয়া যাবে। সুবিধাগুলো নির্ধারিত শর্ত ও যোগ্যতার আওতাধীন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, নতুন কার্ডে আন্তর্জাতিক ব্যবহার, স্বাচ্ছন্দ্য এবং ভ্রমণ ও জীবনযাপনসংক্রান্ত সুবিধার সমন্বয় করা হয়েছে।

আমেরিকান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, দৈনন্দিন খরচ, ভ্রমণ ও জীবনযাপনের প্রয়োজন মেটাতে গ্রাহকদের বাড়তি মূল্য ও সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই অংশীদারত্ব।