যুক্তরাষ্ট্র ও কানাডার একই মানচিত্র খুললে একই হ্রদের জন্য দেখা যেতে পারে দুটি ভিন্ন নাম। তাহলে কোনো জায়গার আসল নাম কে ঠিক করে?
টরন্টোতে গুগল ম্যাপস খুললে একটি নাম দেখা যেতে পারে, আবার নিউইয়র্কে খুললে দেখা যেতে পারে অন্য নাম। অর্থাৎ, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, তার ওপরও আপনার হাতের মানচিত্রে একটি জায়গার নাম নির্ভর করতে পারে।
এমনটাই ঘটছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত গ্রেট লেকসের সবচেয়ে ছোট হ্রদ লেক অন্টারিওকে ঘিরে। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারে এর নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন। এরপর বিভিন্ন মানচিত্রে হ্রদটি ভিন্ন নামে দেখা যেতে শুরু করে।
তবে কোনো সরকারি ডেটাবেজে নাম পরিবর্তন করলেই বিশ্বের সবাই সেই নাম ব্যবহার করবে—এমন নয়। ডিজিটাল মানচিত্র, পর্যটন সংস্থা থেকে স্থানীয় জনগোষ্ঠী—সব ক্ষেত্রেই একটি জায়গার নাম পরিবর্তন করা কতটা জটিল, এই ঘটনা তারই উদাহরণ।
মানচিত্রে নাম কে ঠিক করে?
কানাডা অবশ্য নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রে পরিবর্তনটি শুরু হয় ফেডারেল জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেমে (জিএনআইএস)। সরকারি কাজে ভৌগোলিক নাম মানসম্মত করার জন্য এই ডেটাবেজ ব্যবহৃত হয়।
ট্রাম্পের নির্বাহী আদেশে ‘লেক আমেরিকা’ নামটি যুক্ত করার এবং আগের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গুগল তার দীর্ঘদিনের নীতি অনুযায়ী সরকারি উৎসের নাম অনুসরণ করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ দেখাতে শুরু করে। অ্যাপল ম্যাপসও নতুন নাম গ্রহণ করেছে।
তবে বেসরকারি মানচিত্র প্রতিষ্ঠানগুলোকে আইনত ফেডারেল নাম অনুসরণ করতেই হবে—এমন নয়। ‘ম্যাপকুয়েস্ট’ নতুন নাম গ্রহণ করেনি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, মানুষ পরিচিত নামেই জায়গা খুঁজে স্বাচ্ছন্দ্যবোধ করে।
একই জায়গার দুটি নাম
নিউইয়র্কের ওসওয়েগো কাউন্টি, যা হ্রদটির পাশে অবস্থিত, তাদের সরকারি ও ব্যবসায়িক নথিতে ‘লেক অন্টারিও’ নামই রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে তারা ঐতিহাসিক গুরুত্ব এবং নতুন করে নাম বদলানোর আর্থিক ব্যয়ের কথা বলেছে।
সেনেকা নেশনও নাম পরিবর্তনের বিরোধিতা করেছে। তাদের মতে, হ্রদটির নামের সঙ্গে আদিবাসী ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। তাদের ঐতিহ্যবাহী সেনেকা ভাষায় হ্রদটির নাম sga:nyodai:yoh, যার অর্থ ‘সুন্দর হ্রদ’।
আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি জলভাগের একাধিক নাম থাকা নতুন কিছু নয়। পারস্য উপসাগর ও আরব উপসাগর তার দীর্ঘদিনের উদাহরণ। জাতিসংঘ, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এবং অধিকাংশ বিশ্ব মানচিত্রে ‘পারস্য উপসাগর’ ব্যবহৃত হলেও আরব দেশগুলো ‘আরব উপসাগর’ নামটি ব্যবহার করে।
২০২৫ সালে ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার সিদ্ধান্ত নেওয়ার পরও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্র ও কিছু ডিজিটাল সেবায় নতুন নাম এলেও মেক্সিকো ও আন্তর্জাতিক ব্যবহারকারীদের কাছে ‘গালফ অব মেক্সিকো’ নামটি বহাল থাকে।
নামের পেছনে কূটনীতি
নাম পরিবর্তনের আর্থিক ও প্রশাসনিক চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দেশটির করদাতাদের ওপর পড়তে পারে। নতুন নাম অনুযায়ী সরকারি নথি, সাইনবোর্ড, মানচিত্র ও অন্যান্য উপকরণ পরিবর্তন করতেও সময় ও অর্থ প্রয়োজন।
তবে এর সবচেয়ে বড় প্রভাব হয়তো আর্থিক নয়, প্রতীকী ও কূটনৈতিক। ভৌগোলিক নাম অনেক সময় সার্বভৌমত্ব ও ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। ফলে একটি হ্রদের নাম বদলের সিদ্ধান্তও যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার কূটনৈতিক আস্থাকে আরও দুর্বল করতে পারে।