বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার মার্কিন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে বিদেশে ভ্রমণকারীদের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর সুযোগ বাড়ল। তবে নগদ মার্কিন ডলার নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলারই থাকছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ রোববার, ৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক একটি ক্যালেন্ডার বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন।

অনুমোদিত বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ব্যাংকগুলো এ অর্থ ছাড় করতে পারবে। এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের সার্কুলার অনুযায়ী, বার্ষিক ভ্রমণ কোটার সীমা ছিল ১২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সীমা বাড়ানো হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ নতুন নিয়মে তাদের বার্ষিক সীমা হবে সর্বোচ্চ ৯ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

নতুন নিয়মে একজন ভ্রমণকারী বার্ষিক অনুমোদিত সীমার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারবেন। বাকি অর্থ অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রা বা প্রযোজ্য পদ্ধতিতে নেওয়া যাবে।

বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।