কোন দেশের পর্যটকরা সবচেয়ে ভদ্র, কারা সবচেয়ে বেশি টিপস দেন, সবচেয়ে বেশি অর্থ খরচ করেন, কারা বেশি দুঃসাহসিক এবং কোন দেশের মানুষ স্থানীয় খাবারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী—তার চিত্র উঠে এসেছে।
ভ্রমণের সময় ভালো আচরণ অনেক দূর এগিয়ে দিতে পারে। আর নতুন এক জরিপ বলছে, কিছু দেশের পর্যটকেরা ভ্রমণের ক্ষেত্রে শিষ্টাচার রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।
জাপানের পর্যটকদের বিশ্বের সবচেয়ে ভদ্র পর্যটক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরপর রয়েছে নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে উদার হাতে টিপস দেওয়া, দুঃসাহসিক ভ্রমণ কিংবা স্থানীয় খাবারের প্রতি আগ্রহ—বিভিন্ন ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে ভিন্ন ভিন্ন দেশের পর্যটকেরা। খবর: ইউরো নিউজ
আফ্রিকান সাফারি বিষয়ক অনলাইন মার্কেটপ্লেস সাফারিবুকিং ডটকমের এ জরিপে তাদের ১৯২ জন ট্যুর অপারেটরকে পাঁচটি প্রশ্ন করা হয়। কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র, কারা সবচেয়ে ভালো টিপস দেন, ভ্রমণে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কারা, সবচেয়ে সক্রিয় ও দুঃসাহসিক পর্যটক কোন দেশের এবং কারা খাবারের সবচেয়ে বড় ভক্ত—এসব ছিল প্রশ্নের বিষয়।
সবচেয়ে ভদ্র পর্যটক
বিশ্বের সবচেয়ে ভদ্র পর্যটকের তালিকায় জাপান শীর্ষে। জরিপে অংশ নেওয়া ট্যুর অপারেটরদের ২১.১ শতাংশ জাপানিদের সবচেয়ে ভদ্র বলে উল্লেখ করেছেন।
এরপর রয়েছে নরওয়ে ও সুইজারল্যান্ড—যথাক্রমে ১০.৬ ও ১০.৪ শতাংশ। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।
অন্যদিকে সবচেয়ে কমসংখ্যক অপারেটর ইতালীয় পর্যটকদের বিশ্বের সবচেয়ে ভদ্র হিসেবে উল্লেখ করেছেন। তাদের হার মাত্র ১.৩ শতাংশ।
তবে জরিপে অংশ নেওয়া অপারেটররা ইউরোপীয় পর্যটকদের প্রশংসাও করেছেন। তানজানিয়ার ইমারা ট্যুরসের এক অপারেটর জানান, ইউরোপীয় অতিথিদের অনেকেই বন্যপ্রাণীর আচরণ সম্পর্কে খুব আগ্রহী এবং প্রাণী ও সংরক্ষণ বিষয়ে বিস্তারিত প্রশ্ন করেন। তাদের কৌতূহল সাফারি অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে।
সবচেয়ে ভালো টিপস দেন কারা?
টিপস দেওয়ার ক্ষেত্রে মার্কিন পর্যটকেরা সবার ওপরে। জরিপে ট্যুর অপারেটরদের ২৯.৫ শতাংশ আমেরিকানদের সেরা টিপসদাতা হিসেবে উল্লেখ করেছেন—যা অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি।
এরপর রয়েছে জার্মানি, কানাডা ও সুইজারল্যান্ডের পর্যটকেরা। তাদের হার যথাক্রমে ১৩.১, ১০ ও ৮.৬ শতাংশ।
ভ্রমণে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কারা—এই প্রশ্নেও যুক্তরাষ্ট্র শীর্ষে। আমেরিকান পর্যটকেরা ২৪ শতাংশ নিয়ে প্রথম, এরপর জার্মানি ও কানাডা—দুই দেশই ১২.৮ শতাংশ নিয়ে রয়েছে।
সবচেয়ে দুঃসাহসিক পর্যটক
অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকের তালিকার শীর্ষ তিনটি স্থানই ইউরোপের দেশগুলোর দখলে। জার্মান পর্যটকেরা ২১.১ শতাংশ নিয়ে প্রথম। এরপর ফ্রান্স ১৭.৮ শতাংশ এবং নেদারল্যান্ডস ১১ শতাংশ।
অন্যদিকে ব্রিটিশ ও ভারতীয় পর্যটকেরা ৪.৫ শতাংশ করে এবং স্পেন ৪.৩ শতাংশ পেয়েছে।
খাবারের জন্য ভ্রমণ করেন কারা?
খাবারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী পর্যটকদের শীর্ষ পাঁচে এশিয়ার দেশগুলোর আধিপত্য দেখা গেছে। ভারত প্রথম, জাপান দ্বিতীয় এবং চীন চতুর্থ অবস্থানে রয়েছে।
ফ্রান্স ১২.৪ শতাংশ নিয়ে তৃতীয় এবং নেদারল্যান্ডস ৭.৭ শতাংশ নিয়ে পঞ্চম। ইতালি রয়েছে ষষ্ঠ স্থানে, নেদারল্যান্ডসের চেয়ে মাত্র ০.১ শতাংশ পিছিয়ে।