ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য বালিতে পর্যটক ভিসার অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ডিজিটাল নোম্যাড, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবক এবং ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পর্যটক ভিসায় অবস্থান করে স্থানীয় প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে পণ্য বা সেবা নিয়ে তার বিনিময়ে প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করাকেও অবৈধ কাজ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
এ লক্ষ্যেই গত এপ্রিল মাসে 'ধর্ম দেবতা' নামে একটি নতুন অভিবাসন টহল ইউনিট গঠন করেছে ইন্দোনেশিয়া। ইউনিটটির দায়িত্ব বিদেশিদের কার্যক্রম পর্যবেক্ষণ, ভিসার শর্ত লঙ্ঘন শনাক্ত করা এবং অভিবাসন আইন কার্যকর করা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, ভিসা আবেদনে ভুয়া তথ্য দেওয়া, অনুমতি ছাড়া কাজ করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বখ্যাত সমুদ্রসৈকত, অনন্য সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং বিলাসবহুল অবকাশকেন্দ্রের কারণে বালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে এটি ডিজিটাল নোম্যাড ও কনটেন্ট নির্মাতাদের কাছেও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। অনেক স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বিনা মূল্যে আবাসন, স্পা বা অন্যান্য সেবার বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে বিদেশি কনটেন্ট নির্মাতাদের আমন্ত্রণ জানায়।
তবে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, পর্যটক ভিসায় থেকে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অবৈধ কর্মসংস্থানের আওতায় পড়তে পারে, এমনকি এর বিনিময়ে সরাসরি অর্থ গ্রহণ না করলেও।
অবৈধ কর্মকাণ্ডের তালিকায় মেকআপ শিল্পী হিসেবে কাজ করা, আলোকচিত্রী হিসেবে কাজ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচার এবং যে কোনো ধরনের সুবিধার বিনিময়ে প্রচারণামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
বালির অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১৬৫ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ৬২ জনকে আটক করা হয়েছে।
নতুন এই নীতির পর কনটেন্ট নির্মাতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, সাধারণ ভ্রমণ অভিজ্ঞতা ভাগাভাগি করা আর বাণিজ্যিক প্রচারণার মধ্যে সীমারেখা কীভাবে নির্ধারণ করা হবে।
বালিতে বসবাসরত কানাডীয় কনটেন্ট নির্মাতা জোল্ট জেম্বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, কেউ যদি কোনো রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন, সেটি কি স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হবে? তবে তিনি একই সঙ্গে বলেছেন, যেসব প্রভাবক বা কনটেন্ট নির্মাতা কোনো কাজের বিনিময়ে পারিশ্রমিক বা সুবিধা পান, তাঁদের সেই কাজের উপযোগী বৈধ ভিসা ব্যবহার করা উচিত।
গুরুত্বপূর্ণ তথ্য
• নতুন নজরদারির আওতায় পর্যটক ভিসায় প্রচারণামূলক কাজও আসতে পারে।
• এপ্রিলে নতুন অভিবাসন টহল ইউনিট গঠন করা হয়েছে।
• ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১৬৫ বিদেশিকে ফেরত পাঠানো এবং ৬২ জনকে আটক করা হয়েছে।
• বালিতে ভ্রমণের আগে ভিসার শর্ত ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।