ভারত ও নেপালের মধ্যে পর্যটন সংযোগ জোরদারে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ‘ভারত গৌরব’ পর্যটক ট্রেন চালু করতে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। ‘পশুপতিনাথ নেপাল দর্শন যাত্রা’ নামে বিশেষ এই ট্রেন আগামী ১২ জুন ভারতের ইন্দোর থেকে যাত্রা শুরু করবে।

আইআরসিটিসি জানিয়েছে, এটি শুধু ট্রেনসেবা নয়; বরং পূর্ণাঙ্গ গাইডেড ট্যুর প্যাকেজ। এতে রেলভ্রমণের পাশাপাশি হোটেলে থাকা, স্থানীয় পরিবহন, খাবার ও দর্শনীয় স্থান ভ্রমণের সুবিধা রাখা হয়েছে।

ভারত সরকারের ‘ভারত গৌরব’ উদ্যোগের আওতায় এতদিন দেশের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় গন্তব্যে বিশেষ ট্রেন চালানো হলেও, এবারই প্রথম আন্তর্জাতিক রুটে এই পরিষেবা চালু হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ভারত ও নেপালের পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়াবে।

নয় রাত ও ১০ দিনের সফরে যাত্রীরা নেপালের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন। ভ্রমণসূচিতে রয়েছে কাঠমান্ডু, পশুপতিনাথ মন্দির, পোখারা, চিতওয়ান জাতীয় উদ্যান এবং মনকামনা মন্দির।

প্যাকেজের অংশ হিসেবে মনকামনা মন্দিরে রোপওয়ে ভ্রমণ এবং চিতওয়ান জাতীয় উদ্যানে জিপ সাফারির ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে এটি তীর্থযাত্রীদের পাশাপাশি অবকাশযাপনপ্রেমী পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রদেশের একাধিক স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে ইন্দোর, উজ্জয়িন, সুজলপুর, সিহোর, ভোপাল, ইটারসি, নরসিংহপুর, জবলপুর, কাটনি ও সাতনা।

ডিলাক্স এসি পর্যটক ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি ও থার্ড এসি মিলিয়ে মোট ১৪টি কোচ থাকবে। যাত্রীদের খাবারের সুবিধার জন্য যুক্ত করা হয়েছে দুটি রেস্তোরাঁ কোচও।

ভ্রমণ প্যাকেজ তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। থার্ড এসি কমফোর্টে জনপ্রতি খরচ ধরা হয়েছে ৬২ হাজার ৭১০ রুপি। সেকেন্ড এসি ডিলাক্সে ৭৬ হাজার ৫৫০ রুপি এবং ফার্স্ট এসি সুপিরিয়রে ৯০ হাজার ৪০০ রুপি নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজের আওতায় ট্রেন ভ্রমণ, তিন তারকা মানের হোটেলে থাকা, নিরামিষ খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে স্থানীয় ভ্রমণ, ভ্রমণ বীমা, ট্যুর এসকর্ট এবং নিরাপত্তাসহ অন্যান্য সেবার ব্যবস্থা থাকবে।

আইআরসিটিসির অফিসিয়াল পর্যটন ওয়েবসাইটের মাধ্যমে এই ট্রেনের টিকিট বুকিং করা যাবে। এছাড়া ভ্রমণসূচি ও বোর্ডিং সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীরা আইআরসিটিসির আঞ্চলিক অফিসেও যোগাযোগ করতে পারবেন।

তবে বিদেশি নাগরিকরা এই বিশেষ পর্যটক ট্রেনে ভ্রমণ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।