মে দিবসের পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ঢলে সরগরম ছিল চীনের রাজধানী বেইজিং। দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে নতুন রেকর্ড গড়েছে শহরটির পর্যটন খাত। বেড়েছে পর্যটন আয়ও।

মঙ্গলবার বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, এবারের মে দিবসের ছুটিতে শহরটিতে প্রায় ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫ দশমিক ১ শতাংশ বেশি।

পর্যটকদের এই বিপুল উপস্থিতির কারণে বেইজিংয়ের পর্যটন রাজস্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পাঁচ দিনের ছুটিতে মোট পর্যটন আয় দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি।

শুধু স্থানীয় নয়, বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্র ছিল বেইজিং। ছুটির সময়ে প্রায় ১ লাখ ২৮ হাজার বিদেশি বা ইনবাউন্ড পর্যটক শহরটি ভ্রমণ করেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

বিদেশি পর্যটকদের ব্যয় থেকেও বড় অঙ্কের আয় করেছে শহরটি। এ খাত থেকে আয় হয়েছে প্রায় ১ দশমিক ৩৮ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ বেশি।

পর্যটকদের আকৃষ্ট করতে ছুটির পুরো সময়জুড়ে ব্যাপক সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন করা হয়। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মে দিবস উপলক্ষে ২ হাজারের বেশি সাংস্কৃতিক ও পর্যটনভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসব আয়োজনের মধ্যে ছিল শৈল্পিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক গবেষণা সফর, ঐতিহ্যবাহী মেলা এবং পরিবারকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান।

এ ছাড়া বেইজিংজুড়ে ৩৩২টি অফলাইন বাণিজ্যিক পারফরম্যান্সের আওতায় মোট ১ হাজার ৬৮৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান থেকে বক্স অফিস আয় হয়েছে প্রায় ২৬০ মিলিয়ন ইউয়ান।