শীত বিদায়ের অপেক্ষায় প্রকৃতি যখন একটু একটু করে রঙ বদলাচ্ছে, ঠিক তখনই পর্যটকের কলরবে মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাপ্তাহিক দুই দিনের ছুটিকে ঘিরে শীত মৌসুমের শেষ সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন এই সাগরকন্যায়। হিমেল বাতাস, নীল সমুদ্র আর ঢেউয়ের ছন্দে যেন প্রাণ ফিরে পেয়েছে সৈকতজুড়ে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল থেকেই পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। কেউ পরিবার নিয়ে সৈকতের বালুচরে হেঁটে বেড়াচ্ছেন, কেউ বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশি। আবার অনেকেই নেমে পড়ছেন নোনা জলে সাঁতারে। শিশুদের উচ্ছ্বাস আর বড়দের অবসর বিনোদনে সৈকতজুড়ে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।
পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে চলছে ঘোড়ায় চড়া, ওয়াটারবাইক ও মোটরবাইক রাইড। ছবি তুলতে ব্যস্ত তরুণদের ভিড়ও কম নয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সৈকতের সৌন্দর্য আরও রঙিন হয়ে ওঠে, সূর্যাস্ত দেখতে ভিড় জমে নির্দিষ্ট পয়েন্টগুলোতে।
পর্যটকের চাপ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাবারের দোকান, হস্তশিল্পের স্টল ও ভ্রমণসেবা প্রদানকারীদের বিক্রিও বেড়েছে কয়েক গুণ।
কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর তাপস চন্দ্র রায় জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।