অন্তর্ভুক্তি এখন শুধু নীতিগত অঙ্গীকার নয়, বাস্তব পরিবর্তনের নাম। বিশ্বের বিভিন্ন শহর ও দেশ আইন প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করছে, যেখানে সবার জন্য ভ্রমণ সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
পরিবহন, ফুটপাত, জাদুঘর থেকে শুরু করে পর্যটনকেন্দ্র—সবখানেই বাড়ছে প্রবেশগম্যতা। প্রতিবন্ধী ভ্রমণকারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে এসব উদ্যোগ। অন্তর্ভুক্তিমূলক পর্যটনের দৌড়ে এগিয়ে থাকা ছয়টি শহরের গল্প—
বার্লিন
নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলা শহর বার্লিনে অন্তর্ভুক্তি এক নীরব কিন্তু স্থায়ী বাস্তবতা। প্রশস্ত ফুটপাত ও প্রতিবন্ধকতামুক্ত স্থাপনার কারণে শহরটি ঘুরে দেখা সহজ। ব্রান্ডেনবুর্গ গেটসহ বহু ঐতিহাসিক স্থাপনাই ‘ব্যারিয়ার-ফ্রি’।
বার্লিনিশে গ্যালেরি জাদুঘরে রয়েছে স্পর্শনির্ভর ফ্লোর গাইড সিস্টেম, বিনামূল্যে হুইলচেয়ার ও ভাঁজ করা স্টুল, বড় অক্ষরের ব্রোশিওর এবং জার্মান সাইন ল্যাঙ্গুয়েজে গাইডেড ট্যুর। একই অভিজ্ঞতা পাওয়া যায় হামবোল্ট ফোরামেও। প্রাক্তন বার্লিন প্রাসাদে গড়ে ওঠা এই বিশাল স্থাপনায় ইতিহাস, সংস্কৃতি ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে। এখানে স্বল্পদৃষ্টিসম্পন্ন দর্শনার্থীদের জন্য স্পর্শনির্ভর প্রদর্শনী, প্রশস্ত করিডোর ও প্রতিটি তলায় লিফট রয়েছে।
কেপ টাউন
‘লিমিটলেস কেপ টাউন’ প্রচারণা শহরটিকে নতুনভাবে উপস্থাপন করছে। শহরজুড়ে ব্রেইল টাচ পয়েন্ট স্থাপন এবং সহজে ব্যবহারযোগ্য হুইলচেয়ার-বান্ধব বাস ব্যবস্থা চালু করা হয়েছে।
আফ্রিকার প্রথম স্বীকৃত অন্ধ ট্যুর গাইড উইনস্টন ফানি ভ্রমণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছেন। তিনি দর্শনার্থীদের নিয়ে যাচ্ছেন সেরা স্ট্রিট আর্ট, দোকান, রেস্তোরাঁ ও ওয়াইন ফার্মে। পাশাপাশি সংবেদননির্ভর ট্যুর আয়োজনের উদ্যোগও নিচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার আইনসভা রাজধানী কেপ টাউন থেকে হুইলচেয়ার-অ্যাক্সেসিবল রবিন আইল্যান্ডে যাওয়া যায়—যেখানে নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবৈষম্যবিরোধী নেতারা বন্দী ছিলেন। কাছেই রয়েছে কেপ ফ্লোরিস্টিক রিজিয়ন, যা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় উদ্ভিদাঞ্চল।
লাস ভেগাস
লাস ভেগাসে ভাগ্য পরীক্ষা করার দরকার নেই। যুক্তরাষ্ট্রের অন্যতম হুইলচেয়ার-বান্ধব শহর এটি। শহরজুড়ে রয়েছে অসংখ্য অ্যাক্সেসিবল আকর্ষণ।
নিয়ন মিউজিয়ামের ঝলমলে সাইনবোর্ড, হাই রোলার ফেরিস হুইল থেকে শহর দেখা, সার্ক দু সোলেই শো উপভোগ, বেলাজিওর নৃত্যরত ফোয়ারা দেখা কিংবা হোটেলের পুলসাইডে বিশ্রাম—সবই সহজলভ্য।
বড় বড় রিসোর্টে রয়েছে বিপুল সংখ্যক হুইলচেয়ার-অ্যাক্সেসিবল কক্ষ—লুক্সর ও নিউ ইয়র্ক-নিউ ইয়র্কের মতো তুলনামূলক সাশ্রয়ী হোটেল থেকে শুরু করে বিলাসবহুল বেলাজিও ও এনকোর অ্যাট উইন পর্যন্ত। শহরের বাস, ট্যাক্সি ও লাস ভেগাস মনোরেলও প্রবেশগম্য পরিবহন সুবিধা দেয়।
রিও ডি জেনেইরো
২০১৬ সালের সামার অলিম্পিক ও প্যারালিম্পিককে সামনে রেখে ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগের ফলে রিও দক্ষিণ আমেরিকার অন্যতম প্রবেশগম্য শহরে পরিণত হয়েছে।
বাস, মেট্রো ও ট্রামসহ গণপরিবহন এবং ফুটপাত হুইলচেয়ার-বান্ধব। কয়েকটি সৈকত ও ঐতিহ্যবাহী স্থান, যেমন সুগারলোফ মাউন্টেন, সহজে প্রবেশযোগ্য। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে শেষ অংশে এসকেলেটর থাকায় আংশিক প্রবেশগম্যতা রয়েছে; প্রয়োজনে বৈদ্যুতিক হুইলচেয়ার ব্যবহারকারীরা ম্যানুয়াল হুইলচেয়ারে স্থানান্তর করতে পারেন।
সিঙ্গাপুর
দুর্দান্ত অবকাঠামো ও উচ্চমাত্রার প্রবেশগম্যতার কারণে সিঙ্গাপুর বিশেষভাবে আকর্ষণীয়। গণপরিবহনে র্যাম্প, লিফট ও স্পর্শনির্ভর ফ্লোরিং রয়েছে; গুরুত্বপূর্ণ ঘোষণা মাইকে ও ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়।
গার্ডেনস বাই দ্য বে সম্পূর্ণ হুইলচেয়ার-অ্যাক্সেসিবল। ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুরকে ধরা হয় প্রবেশগম্যতার মডেল হিসেবে। দর্শনার্থীরা আগে থেকেই একটি পূর্ণাঙ্গ অ্যাক্সেস গাইড ডাউনলোড করতে পারেন। অতিরিক্ত সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহারযোগ্য ‘ক্যাল্ম রুম’ রয়েছে, আর কর্মী ও স্বেচ্ছাসেবকেরা ডিমেনশিয়া-বান্ধব পরিবেশ তৈরিতে প্রশিক্ষিত।
সিডনি
সিডনির গণপরিবহন হুইলচেয়ার-অ্যাক্সেসিবল এবং জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোও সমানভাবে সুবিধাজনক। সিডনি অপেরা হাউসে রয়েছে বিশেষ প্রবেশগম্য পারফরম্যান্স ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ‘মোবিলিটি ট্যুর’।
হারবারের মনোরম দৃশ্য উপভোগ করতে ফেরি ভ্রমণ জনপ্রিয়। শহরজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সংযুক্ত করেছে বহু মাইলজুড়ে প্রবেশগম্য পথ। পথচারী সিগন্যালসংবলিত মোড়ে ২,১০০-এর বেশি ব্রেইল ও স্পর্শনির্ভর সাইন স্থাপন করা হয়েছে, যা নিরাপদ চলাচল নিশ্চিত করে।
শেষ কথা
বিশ্বের নানা প্রান্তে অবকাঠামো ও নীতিগত পরিবর্তন প্রমাণ করছে—ভ্রমণ সবার জন্য। অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা শুধু সুবিধা নয়, বরং সমান অধিকারের প্রতিফলন।