নতুন কোনো দেশে পৌঁছানোর পর অনেকেই প্রথমে দর্শনীয় স্থান, জনপ্রিয় রেস্তোরাঁ বা বিখ্যাত কোনো রাস্তা খুঁজে বের করেন। কিন্তু কিছু ভ্রমণপ্রেমীর কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো কাছের একটি মুদি দোকান বা সুপারমার্কেট।
কারণ, স্থানীয় সুপারমার্কেটই দেখায় সেখানকার মানুষ প্রতিদিন কী কেনেন এবং কী খান। কোন চিপস সবচেয়ে জনপ্রিয়, কোন সস সবচেয়ে বেশি বিক্রি হয়, কী ধরনের দই, চকলেট বা মিষ্টি স্থানীয়দের পছন্দ—এসব জানার সবচেয়ে সহজ উপায় একটি মুদি দোকান ঘুরে দেখা।
এই কৌতূহল থেকেই জন্ম নিয়েছে নতুন ভ্রমণ প্রবণতা—‘গ্রোসারি স্টোর ট্যুরিজম’।
নতুন ভ্রমণ ট্রেন্ড
ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান স্কাইস্ক্যানারের ২০২৬ সালের ট্রাভেল ট্রেন্ডস প্রতিবেদনে ‘শেলফ ডিসকভারি (Shelf Discovery)’ নামে এই প্রবণতাকে অন্যতম নতুন খাদ্যভিত্তিক ভ্রমণধারা হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩১ শতাংশ ভ্রমণকারী ২০২৬ সালে বিদেশে গিয়ে স্থানীয় সুপারমার্কেট ঘুরে দেখার পরিকল্পনা করেছেন। এছাড়া ৫৫ শতাংশ মার্কিন পর্যটক জানিয়েছেন, বিদেশে গেলে তারা প্রায়ই স্থানীয় মুদি দোকান বা সুপারমার্কেট পরিদর্শন করেন।
কেন জনপ্রিয় হচ্ছে
স্থানীয় সুপারমার্কেট পর্যটকদের জন্য তৈরি নয়; এগুলো স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের অংশ। ফলে সেখানে গেলে একটি দেশের প্রকৃত খাদ্যসংস্কৃতি, জীবনযাপন ও কেনাকাটার অভ্যাস সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক ভ্রমণকারী বিভিন্ন দেশের সুপারমার্কেটের ছবি ও ভিডিও শেয়ার করছেন। কেউ স্থানীয় স্ন্যাকস খুঁজছেন, কেউ আঞ্চলিক মসলা কিনছেন, আবার কেউ হোটেলে বসেই স্থানীয় খাবার দিয়ে ছোট্ট পিকনিকের আয়োজন করছেন। এতে খরচও কম হয়, আবার নতুন স্বাদও পাওয়া যায়।
সবচেয়ে ভালো স্মারক কোথায়
অনেক ভ্রমণকারী এখন আর দামি শোপিস, ফ্রিজ ম্যাগনেট বা কী-রিং কেনেন না। বরং তারা স্থানীয় সুপারমার্কেট থেকে এমন কিছু কিনতে চান, যা দেশে ফিরে সেই ভ্রমণের স্বাদ মনে করিয়ে দেয়।
এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় বিভাগ হলো সস, মসলা ও রান্নার উপকরণ।
দক্ষিণ আফ্রিকায় পর্যটকদের পছন্দের তালিকায় থাকে আসল পেরি-পেরি সস। আফ্রিকান বার্ডস আই মরিচ, রসুন ও লেবুর স্বাদে তৈরি এই সস স্থানীয় রান্নার গুরুত্বপূর্ণ অংশ।
তুরস্কে ঐতিহ্যবাহী মসলার বাজারে না গিয়ে অনেকেই স্থানীয় মুদি দোকান থেকে কেনেন ইসোট বিবের (উরফা মরিচ), যার ধোঁয়াটে স্বাদ খাবারে ভিন্ন মাত্রা যোগ করে।
অন্যদিকে ইতালিতে পাস্তা ও অলিভ অয়েলের পাশাপাশি জনপ্রিয় বোম্বা কালাব্রেজে নামের ঝাল মরিচের পেস্টও সুপারমার্কেটের অন্যতম আকর্ষণ।
ভ্রমণ খরচও কমে
গ্রোসারি স্টোর ট্যুরিজম শুধু নতুন অভিজ্ঞতাই দেয় না, ভ্রমণের খরচও কমায়।
রেস্তোরাঁয় ব্যয়বহুল খাবার খাওয়ার বদলে স্থানীয় সুপারমার্কেট থেকে পনির, তাজা রুটি, ফল বা অন্যান্য খাবার কিনে পার্কে বসে খাওয়া অনেক সাশ্রয়ী।
এছাড়া বিভিন্ন দেশের সুপারমার্কেটের রঙিন কাপড়ের পুনর্ব্যবহারযোগ্য শপিং ব্যাগও এখন অনেক ভ্রমণকারীর কাছে জনপ্রিয় স্মারক। এগুলো শুধু ব্যবহারিকই নয়, বরং ভ্রমণের স্মৃতিও বহন করে।
কীভাবে স্থানীয়দের মতো কেনাকাটা করবেন
ভ্রমণের সময় স্থানীয়দের ব্যবহৃত সুপারমার্কেটেই যাওয়ার চেষ্টা করুন। সেখানে গিয়ে নতুন স্ন্যাকস, স্থানীয় চিজ, প্রস্তুত খাবার কিংবা আঞ্চলিক মসলা ঘুরে দেখুন। এতে একটি দেশের খাদ্যসংস্কৃতি সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।
তবে দেশে ফেরার আগে অবশ্যই নিজ দেশের কাস্টমস বিধিনিষেধ জেনে নিন। অনেক দেশে তাজা ফল, সবজি, মাংস, বীজ বা উদ্ভিদজাত পণ্য বহনে সীমাবদ্ধতা রয়েছে। তাই প্যাকেটজাত সস, মসলা, বিস্কুট বা শুকনো খাবার কেনাই সাধারণত নিরাপদ।