পশ্চিম এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য দুবাইয়ে প্রতিবছর পা পড়ে লাখো বিদেশি পর্যটকের। মনোমুগ্ধকর আকাশচুম্বী ভবন, মরুভূমির অ্যাডভেঞ্চার আর বিলাসবহুল জীবনযাপনের কারণে এটি বিশেষভাবে জনপ্রিয়।
তবে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে এমন অনেক কঠোর আইন রয়েছে, যেগুলো লঙ্ঘন করলে পর্যটকদের জেল-জরিমানা থেকে শুরু নানা ধরনের শাস্তি হতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক আইনি সংস্থা `ডিটেইন্ড ইন দুবাই' এর প্রধান নির্বাহী রাধা স্টার্লিং বলেন, “কোনো আচরণ সাধারণভাবে প্রচলিত হলেই তা আইনসম্মত হয় না। দুবাইয়ে অনেকেই অ্যালকোহল পান করেন, কিন্তু মাতাল অবস্থায় জনসমক্ষে থাকা বা শরীরে অ্যালকোহলের প্রভাব থাকা আইনের লঙ্ঘন হতে পারে। শুধু অভিযোগের ভিত্তিতেও গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে।”
তিনি আরও বলেন, অনেক পর্যটক নিজ দেশে বৈধভাবে করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা ব্যক্তিগত বার্তার কারণেও দুবাইয়ে আইনি জটিলতায় পড়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও সতর্ক করে বলেছে, ইউএই একটি মুসলিম দেশ। তাই স্থানীয় আইন, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিচে দুবাই ভ্রমণের আগে জেনে নেওয়া জরুরি কিছু নিয়ম তুলে ধরা হলো—
১. প্রেসক্রিপশনের ওষুধ বহনের নিয়ম
সব ধরনের ওষুধ দুবাইয়ে নেওয়া যায় না। কিছু ওষুধ মাদক হিসেবে বিবেচনা করা হয়। এসব ওষুধ বহনের আগে ইউএই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
অনুমতি ছাড়া এসব ওষুধ নিয়ে গেলে তা জব্দ হওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন।
২. গালাগালি ও অশালীন অঙ্গভঙ্গি
সরাসরি বা অনলাইনে গালাগালি, অপমানজনক ভাষা ব্যবহার কিংবা অশোভন অঙ্গভঙ্গি করা আইনত দণ্ডনীয়। এর জন্য কারাদণ্ড বা দেশ থেকে বহিষ্কার হওয়ার ঝুঁকি রয়েছে।
৩. অ্যালকোহল পান
জনসমক্ষে মদ্যপান করা বা মাতাল অবস্থায় থাকা ইউএইতে নিষিদ্ধ।
বিশেষ করে *শারজাহ* আমিরাতে অ্যালকোহল রাখা বা পান করা সম্পূর্ণ অবৈধ।
৪. ১৮ বছরের নিচে একা হোটেলে থাকা যাবে না
১৮ বছরের কম বয়সীরা কোনো প্রাপ্তবয়স্ক অভিভাবক ছাড়া হোটেলে থাকতে পারবেন না।
৫. শূকরের মাংস ও পর্নোগ্রাফি বহন নিষিদ্ধ
শূকরের মাংসজাত পণ্য ও পর্নোগ্রাফি ইউএইতে নিয়ে যাওয়া বেআইনি। বই, ভিডিও বা ম্যাগাজিনও কর্তৃপক্ষের তল্লাশির আওতায় পড়তে পারে।
৬. জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়া
নির্ধারিত পথ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হওয়া আইনবিরোধী এবং জরিমানাযোগ্য।
৭. রমজান মাসের নিয়ম
রমজানে জনসমক্ষে খাওয়া, পান করা, ধূমপান, উচ্চস্বরে গান বাজানো, গালাগালি বা চুইংগাম চিবানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
৮. সমলিঙ্গের যৌন সম্পর্ক
ইউএইতে সমলিঙ্গের যৌন সম্পর্ক আইনত নিষিদ্ধ। বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য।
৯. সরকারের সমালোচনা
সরকার, প্রতিষ্ঠান বা দেশের নাগরিকদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক বা সমালোচনামূলক পোস্ট করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
১০. প্রকাশ্যে ভালোবাসার প্রকাশ
রাস্তায় চুম্বন, অতিরিক্ত ঘনিষ্ঠতা বা প্রকাশ্যে প্রেমের বহিঃপ্রকাশ সামাজিকভাবে অপছন্দনীয় এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের কারণ হতে পারে।
১১. বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক
কিছু পরিস্থিতিতে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে কারাদণ্ড হতে পারে, বিশেষ করে অভিযোগ দায়ের হলে।
১২. আর্থিক প্রতারণা বা বিল পরিশোধ না করা
হোটেলের বিল না দেওয়া বা আর্থিক প্রতারণার মতো অপরাধে জামিন পাওয়া কঠিন হতে পারে। ব্যাংক হিসাব ও সম্পদও জব্দ করা হতে পারে।
১৩. পোস্তদানা বহন নিষিদ্ধ
পোস্তদানা দুবাইয়ে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
১৪. ছবি তোলা
কোনো ব্যক্তির অনুমতি ছাড়া ছবি তোলা আইনবিরোধী হতে পারে।
সরকারি ও সামরিক স্থাপনার ছবি তোলাও নিষিদ্ধ।
১৫. সংবাদমাধ্যমের কাজ
সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ বা প্রকাশনার জন্য আগে সরকারি অনুমতি নিতে হবে। অন্যথায় জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
১৬. পোশাক
জনসমক্ষে শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। নারীদের ক্ষেত্রে কাঁধ ও হাঁটু ঢেকে রাখা ভালো।
সৈকত বা সুইমিং পুলের বাইরে সাঁতারের পোশাক পরা এবং বিপরীত লিঙ্গের পোশাক পরাও আইনবিরোধী।
১৭. অন্যের মোবাইল ফোন দেখা
অনুমতি ছাড়া অন্যের ফোন দেখা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল এবং এর জন্য কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
১৮. গণপরিবহনে খাওয়া-দাওয়া
মেট্রো বা গণপরিবহনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ। নিয়ম ভাঙলে ১০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
১৯. গাড়ি চালানোর সময় অসৌজন্যমূলক আচরণ
অন্য চালককে অশালীন ইশারা বা আক্রমণাত্মক আচরণ করলে জরিমানা, কারাদণ্ড এমনকি দেশ থেকে বহিষ্কারের মতো শাস্তি হতে পারে।
এছাড়া যুক্তরাজ্যের তুলনায় ছোটখাটো মনে হওয়া ট্রাফিক অপরাধেও ইউএই পুলিশ গাড়ি জব্দ করতে পারে। গাড়ি ছাড়াতে ৫০ হাজার দিরহাম পর্যন্ত ফি এবং অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে।