হিমালয়ের বুক চিরে হাঁটার স্বপ্ন দেখেন এমন ভ্রমণপ্রেমীদের কাছে নেপাল মানেই ট্রেকিংয়ের স্বর্গ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ থেকে শুরু করে নিভৃত উপত্যকা, বৌদ্ধ সংস্কৃতি আর তুষারঢাকা পাহাড়ের হাতছানি সব একসঙ্গে পাওয়া যায় এই ছোট দেশটিতে। অভিজ্ঞ পর্বতারোহী হোন বা নতুন ট্রেকার, নেপালের পথে পথে অপেক্ষা করছে নানা মাত্রার রোমাঞ্চ।

নেপালের ট্রেকিং রুটগুলো শুধু পাহাড় দেখার সুযোগ নয়, বরং স্থানীয় জীবনধারা, সংস্কৃতি ও প্রকৃতির খুব কাছ থেকে দেখার এক অনন্য অভিজ্ঞতা। রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেই পারমিট, গাইড ও সরঞ্জাম জোগাড় করে ট্রেইলে নেমে পড়া সম্ভব। এ কারণেই প্রতিবছর লাখো পর্যটক নেপালের পাহাড়ি পথে হাঁটতে আসেন।

এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক
দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। সময় লাগে ১৪ থেকে ২০ দিন। লুকলা থেকে শুরু হয়ে শেরপা সংস্কৃতি আর বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের সামনে দাঁড়ানোর সুযোগ দেয়।

আন্নাপুর্না সার্কিট
দূরত্ব ১৬০ থেকে ২৩০ কিলোমিটার। সময় ১০ থেকে ১৭ দিন। নদী, উপত্যকা, গ্লেসিয়ার আর ৫৪১৬ মিটার উচ্চ থোরং লা পাস পার হওয়া এই ট্রেকের মূল আকর্ষণ।

মানাসলু সার্কিট
দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। সময় ১৬ দিন। তুলনামূলক কম ভিড়, জঙ্গল থেকে তুষার ঢাকা পাহাড় পর্যন্ত বৈচিত্র্যময় অভিজ্ঞতা দেয়।

আন্নাপুর্না স্যাংচুয়ারি
দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। সময় ১০ থেকে ১৪ দিন। চারপাশে উঁচু পাহাড় ঘেরা প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটার মতো এক বিস্ময়কর উপত্যকা।

ঘানড্রুক লুপ
দূরত্ব ২৫ কিলোমিটার। সময় মাত্র ৩ দিন। নতুনদের জন্য আদর্শ। ধানক্ষেত, রডোডেনড্রন বন আর পাহাড়ি গ্রাম দেখা যায়।

ল্যাংটাং ভ্যালি
দূরত্ব ৬৫ থেকে ৮০ কিলোমিটার। সময় ৭ থেকে ৮ দিন। কাঠমান্ডুর কাছাকাছি, বাসে যাওয়া যায়। পাহাড়, ঝর্ণা আর গ্লেসিয়ারের সমন্বয়।

তামাং হেরিটেজ ট্রেইল
দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। সময় ৬ দিন। তামাং জনগোষ্ঠীর সংস্কৃতি, হোমস্টে আর বৌদ্ধ মন্দির এই ট্রেকের মূল আকর্ষণ।

কাঞ্চেনজঙ্ঘা বেস ক্যাম্প
দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। সময় ১৪ থেকে ২৮ দিন। কম পর্যটক, দুর্গম পথ, কিন্তু তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের অসাধারণ দৃশ্য।

গ্রেট হিমালয়ান ট্রেইল
দূরত্ব প্রায় ২৫০০ কিলোমিটার। সময় ৫০ থেকে ১৬০ দিন। নেপালের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ও চ্যালেঞ্জিং রুট।

নাগরকোট থেকে ধুলিখেল
দূরত্ব ২০ কিলোমিটার। সময় ১ দিন। কাঠমান্ডুর কাছাকাছি সহজ ডে ট্রেক, সূর্যোদয়ের দৃশ্য খুব জনপ্রিয়।

ট্রেকিংয়ের আগে জানা দরকার

নেপালে বেশিরভাগ ট্রেকিং রুটে গাইড নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি টিমস কার্ড ও ন্যাশনাল পার্ক পারমিট লাগতে পারে। জনপ্রিয় রুটগুলোতে টি হাউস ব্যবস্থা আছে, যেখানে থাকা ও খাওয়ার সুবিধা মেলে।
সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে নভেম্বর এবং মার্চ থেকে মে। বর্ষাকালে বৃষ্টি আর শীতে তীব্র ঠান্ডা সমস্যা তৈরি করে। উচ্চতায় ওঠার সময় ধীরে চলা, পর্যাপ্ত পানি পান আর বিশ্রাম নেওয়া জরুরি, যাতে উচ্চতাজনিত অসুস্থতা এড়ানো যায়।
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বোতল কম ব্যবহার করা, নিজস্ব পানি ফিল্টার নেওয়া আর স্থানীয় লজে থাকা নেপালের ট্রেকিংকে আরও টেকসই করে তুলতে সাহায্য করে।