সাপ্তাহিক ছুটিকে ঘিরে রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাপ্তাইয়ের নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পট ও কাপ্তাই এসএসডি ঘাঁট ঘুরে দেখা যায়, দেশ-বিদেশি পর্যটকে মুখর পুরো এলাকা।
এসএসডি ঘাঁট থেকে সুসজ্জিত ইঞ্জিনচালিত বোটে কাপ্তাই লেকে ভ্রমণের প্রস্তুতি নিতে দেখা যায় অনেক পর্যটককে। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত শুভ ও আবিদ জানান, প্রথমবারের মতো তাঁরা কাপ্তাই এসেছেন। শতাধিক সহকর্মী নিয়ে তাঁরা কাপ্তাই লেকসংলগ্ন নতুন পিকনিক স্পট রাইংখ্যং আইল্যান্ডে যাচ্ছেন। তাঁদের ভাষায়, কাপ্তাই লেক ও পাহাড়ের সৌন্দর্য সত্যিই মুগ্ধকর।
চট্টগ্রামের রাউজান থেকে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে বেড়াতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আতাউল ইসলাম তাঁর পরিবারসহ। তিনি বলেন, পরিবার নিয়ে রাঙামাটি ভ্রমণে এসে কাপ্তাইয়ের এই পর্যটন কেন্দ্র দেখতে এসেছি। থাইল্যান্ডের আদলে গড়ে তোলা পড হাউসগুলো থেকে কর্ণফুলী নদীর দৃশ্য অসাধারণ। তাঁর সফরসঙ্গী আসমা সিদ্দিকা ও মো. জয়নালও কাপ্তাইয়ের পাহাড়, লেক ও কর্ণফুলী নদীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান।
চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে কাপ্তাইয়ের শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে দুপুরের খাবার খেতে আসেন রঞ্জন চৌধুরী ও তাঁর পরিবার। তিনি বলেন, কাপ্তাই প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। বিশেষ করে ফ্লোটিং প্যারাডাইস থেকে কর্ণফুলী নদী ও রাম-সীতা পাহাড়ের দৃশ্য আমাদের মুগ্ধ করেছে।
বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেকশোর এলাকায় কথা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসা পর্যটক অভিজিতের সঙ্গে। তিনি বলেন, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। কাপ্তাইয়ের প্রকৃতি সত্যিই মন ছুঁয়ে যায়।
পর্যটকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তার পরপরই পবিত্র রমজান শুরুর আগে সময়টি কাজে লাগাতেই এ সপ্তাহে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা বেড়েছে।
এ ছাড়া শিলছড়ি চন্দ্রলোক ক্যাম্পিং সাইট অ্যান্ড রিসোর্ট, বনশ্রী পর্যটন কেন্দ্র, ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরেও দেখা যায় দর্শনার্থীদের ভিড়। অধিকাংশ রিসোর্ট ও কটেজ আগেই বুকিং হয়ে গেছে। কেউ লেকে বোটভ্রমণে ব্যস্ত, কেউ প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন।
কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার মিনহাজ উদ্দিন জানান, সাপ্তাহিক দুই দিনের ছুটির কারণে প্রায় এক মাস আগেই সব কটেজ বুকিং হয়ে গেছে।
শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মইন উদ্দিন জুয়েল বলেন, কর্ণফুলী নদীর মাঝখানে এবং রাম-সীতা পাহাড়ের পাদদেশে অবস্থিত আমাদের রেস্টুরেন্টে কাপ্তাই লেকের মাছ ও পাহাড়ি খাবারের জন্য ছুটিতে প্রচুর পর্যটক আসছেন।
কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটের ফল বিক্রেতা এ আর খান জানান, পাহাড়ি আনারস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
এদিকে কাপ্তাই এসএসডি ও কাপ্তাই লেকশোর বোটঘাটের চালক খায়রুল ইসলাম ও মো. জুয়েল জানান, সাপ্তাহিক ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় বোটভ্রমণও বেড়েছে।