পাহাড়, নদী আর সবুজে ঘেরা রাঙ্গামাটি বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে আলাদা আকর্ষণের নাম। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই যুক্ত হয়েছে নতুন এক পর্যটন গন্তব্য চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট। কাপ্তাইয়ের শিলছড়ি হাজিরটেক এলাকায় অবস্থিত এই রিসোর্টটি প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সময় কাটাতে আগ্রহীদের জন্য দিচ্ছে নিরাপদ ও শান্ত পরিবেশে থাকার সুযোগ।
হিল ল্যান্ড অ্যাডভেঞ্চার-এর উদ্যোগে গড়ে ওঠা চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট তুলনামূলক নতুন হলেও ইতোমধ্যে পর্যটকদের দৃষ্টি কেড়েছে। কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এই রিসোর্ট রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। যারা প্রকৃতির কাছে থাকতে ভালোবাসেন এবং বাজেটের মধ্যে ক্যাম্পিং অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য।
কিভাবে যাবেন
ঢাকা থেকে
ঢাকার সায়দাবাদ বা আরামবাগ থেকে হানিফ, এস আলম কিংবা শ্যামলী পরিবহনের এসি ও নন এসি বাসে সরাসরি কাপ্তাই যাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা। কাপ্তাই পৌঁছে শিলছড়ি বা হাজিরটেক মোড়ে নামতে হবে। শিলছড়ি এলাকাতেই কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত চন্দ্রলোক রিসোর্ট।
চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রতি ১৫ থেকে ২০ মিনিট পরপর কাপ্তাইগামী বাস ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। শিলছড়ি বাজারে নেমে সহজেই রিসোর্টে পৌঁছানো যাবে। বাজারের পাশেই এর অবস্থান।
কোথায় থাকবেন
চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্টে রয়েছে আধুনিক প্রিমিয়াম কটেজ এবং তাঁবুতে থাকার ব্যবস্থা। প্রিমিয়াম কটেজে থাকতে খরচ পড়বে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। যারা ক্যাম্পিং পছন্দ করেন, তারা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার প্যাকেজে তাঁবুতে থাকার সুযোগ পাবেন।
কোথায় খাবেন
রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে কাপ্তাই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ব্যাম্বু চিকেন এবং কর্ণফুলী নদীর টাটকা মাছ। এছাড়া সন্ধ্যা ও রাতের বেলায় ক্যাম্প ফায়ার ও বারবিকিউ করার ব্যবস্থাও রয়েছে, যা ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে।