রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’, যেখানে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, বিশেষ অফার এবং নানা ধরনের পুরস্কারের সুযোগ। দেশি-বিদেশি পর্যটন সেবা এক ছাদের নিচে পাওয়ার এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এম নাছের রহমান। ‘দি বাংলাদেশ মনিটর’ আয়োজিত এটি ২১তম আসর, যার নামকরণ করা হয়েছে ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।

উদ্বোধনী বক্তব্যে এম নাছের রহমান বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশে বাংলাদেশ মনিটরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার এভিয়েশন খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাম্প্রতিক সময়ে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তার তথ্য অনুযায়ী, গত এক মাসে জেট ফুয়েলের দাম প্রায় ১৪০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বিমান ভাড়াও বেড়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে জেট ফুয়েলের দাম কমানোর জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

এবারের মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম ও চীনের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথ। এখানে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট এবং ট্যুর অপারেটররা তাদের সেবা ও প্যাকেজ উপস্থাপন করছে।

মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে বিশেষ ছাড়। দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ এবং হোটেল বুকিংয়ে দেওয়া হচ্ছে মূল্যছাড়। এছাড়া মাত্র ৫০ টাকার প্রবেশ টিকিটে প্রতিদিন থাকছে র‍্যাফেল ড্র। পুরস্কার হিসেবে রয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রিটার্ন এয়ার টিকিট, তারকা হোটেলে বিনামূল্যে থাকা এবং ডিনার ভাউচার।

মেলাটি ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনের পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।