ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত কুয়াকাটা। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, এবারের ঈদে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে। তাই আগাম প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন ও পর্যটনসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষ।
পর্যটন নগরী হিসেবে পরিচিত কুয়াকাটায় ইতোমধ্যে হোটেল, রিসোর্ট ও পর্যটন স্পটগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সৈকত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিচ বাইক, ঘোড়ার গাড়ি, স্পিডবোটসহ বিভিন্ন আয়োজন।
হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগেই অনেক হোটেলে অগ্রিম বুকিং শুরু হয়েছে। প্রথম শ্রেণির হোটেলগুলোর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কক্ষও অগ্রিম সংরক্ষিত হয়েছে।
হোটেল ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা ও পর্যটক কম থাকার কারণে ব্যবসায় মন্দা ছিল। তবে ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটকদের আগমন বাড়বে বলে তারা আশা করছেন।
ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্টের অপারেশন ম্যানেজার জয়নুল আবেদীন জানান, ঈদকে সামনে রেখে হোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সেবার মান উন্নয়ন এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন।
পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিয়েছে ট্যুর গাইড সংগঠনগুলোও। কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের ঘোরাঘুরি সহজ করতে গাইডদের প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু বুকিং পাওয়া গেছে বলেও জানান তিনি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ জানান, সৈকত এলাকায় নিয়মিত নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, স্কাউট ও স্বেচ্ছাসেবক দল কাজ করবে। পাশাপাশি থাকবে রেসকিউ টিম।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সৈকত এলাকায় বাড়তি নজরদারি থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যরা।
সব মিলিয়ে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয়দের সমন্বিত প্রস্তুতিতে এবারের ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে সাগরকন্যা কুয়াকাটা।