চীনে নতুন প্রবেশ ও বহির্গমন বিধিমালা কার্যকর হয়েছে। জাতীয় প্রযুক্তি ও শিল্প নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন নিয়মে। একই সঙ্গে ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিলে বিদেশি নাগরিকদেরও নির্দিষ্ট সময়ের জন্য চীনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
চীনের নতুন প্রবেশ ও বহির্গমন বিধিমালা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। গত জুলাইয়ে বিধিমালাটি ঘোষণা করা হয়েছিল। এতে প্রযুক্তি আমদানি-রপ্তানি বা রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক নিয়ম লঙ্ঘনের মাধ্যমে শিল্প বা প্রযুক্তি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে চীনা নাগরিকদের বিদেশে যাতায়াত সীমিত করার বিধান রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থের ক্ষতি করে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত হয়ে চীনে ফিরে আসা নাগরিকদের ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। প্রযুক্তি আমদানি-রপ্তানি ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক আইন লঙ্ঘনের ক্ষেত্রেও বহির্গমন সীমিত করার বিধান রয়েছে।
বিদেশি ভ্রমণকারীদের জন্যও নতুন বিধিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিলে এক থেকে পাঁচ বছর পর্যন্ত চীনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। নতুন নিয়মে ভ্রমণের উদ্দেশ্য সত্য ও বৈধ হওয়া এবং প্রয়োজনে তার সমর্থনে তথ্য দেওয়ার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।
তবে পর্যটকদের জন্য এর প্রভাব নিয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সিঙ্গাপুরভিত্তিক পর্যটন সংস্থা ও ভ্রমণকারীদের উদ্ধৃত করে সিএনএ জানিয়েছে, সাধারণ পর্যটকদের নিয়মিত ভ্রমণে বড় ধরনের পরিবর্তন হওয়ার ইঙ্গিত নেই। নতুন বিধিমালার বড় অংশই সংবেদনশীল সীমান্ত চলাচল ও নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে।
চীনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটিতে মোট ৩৬ কোটি ৯০ লাখ প্রবেশ ও বহির্গমন নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি। বিদেশি নাগরিকদের সীমান্ত পারাপার হয়েছে ৪ কোটি ৫৯ লাখ বার।
নতুন বিধিমালা নিয়ে তাইওয়ান উদ্বেগ জানিয়েছে। দেশটির মূল ভূখণ্ডবিষয়ক কাউন্সিলের উপপ্রধান শেং ইউ-চুং বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মরত তাইওয়ানের নাগরিকদের চীন ভ্রমণে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন। চীন অবশ্য বলেছে, নতুন নিয়ম সাধারণ ভ্রমণকারীদের আইনি সুরক্ষা আরও জোরদার করবে।