পাহাড়ি বা উঁচু এলাকায় অল্প সময়ে অতিভারী বৃষ্টির পর হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে এসে নদী, ছড়া বা খালের পানি দ্রুত বাড়িয়ে দিলে যে আকস্মিক ও প্রবল বন্যা সৃষ্টি হয়, তাকে হরপা বান বা ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। 
এটি সাধারণ বন্যার তুলনায় অনেক দ্রুত সৃষ্টি হয় এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। 
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ফ্ল্যাশ ফ্লাড বিশ্বের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।

কেন হয়?

হরপা বানের প্রধান কারণ অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি হলে পানি দ্রুত ঢাল বেয়ে নিচে নেমে আসে। মাটি অতিরিক্ত ভেজা থাকলে পানি শোষণের ক্ষমতা কমে যায়, ফলে আরও বেশি পানি দ্রুত নদী-খালে প্রবাহিত হয়। পাহাড়ি ঢল, ভূমিধস, প্রাকৃতিক জলাধার বা বাঁধের আকস্মিক ভেঙে পড়াও হরপা বানের কারণ হতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে অনেক অঞ্চলে অতিভারী বৃষ্টির ঝুঁকি বাড়ছে বলেও সতর্ক করেছে WMO। দ্রুত নগরায়ণ, ভূমির ব্যবহার পরিবর্তন ও প্রাকৃতিক প্রতিবেশের অবক্ষয়ও বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

হরপা বান হলে করণীয়

হঠাৎ পানি বাড়তে শুরু করলে নদী, ছড়া, খাল, সেতু ও নিচু এলাকা থেকে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে হবে। পানির স্রোত পার হওয়ার চেষ্টা করা যাবে না। হাঁটা, সাঁতার কাটা কিংবা গাড়ি নিয়ে প্রবল স্রোতের পানি পার হওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ভ্রমণের সময় পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি বা আকস্মিক বন্যার সতর্কতা থাকলে ঝুঁকিপূর্ণ নদী-ছড়া ও ঝরনার কাছে না যাওয়াই নিরাপদ। আবহাওয়া ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।