ভ্রমণের স্মৃতি এখন আর শুধু পোস্টকার্ড বা ফ্রিজের ম্যাগনেটের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেক ভ্রমণকারী এখন ছুটি কাটিয়ে বাড়ি ফিরছেন নতুন কোনো দক্ষতা বা শখ সঙ্গে নিয়ে।
এই নতুন ভ্রমণধারার নাম দেওয়া হয়েছে ‘স্কিলকেশন’, যা চলতি বছর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খবর: ইউরো নিউজ
আইএইচজি হোটেলস আন্ড রিসোর্টের সহযোগিতায় ‘টকার রিসার্সের’ করা জরিপে ১ হাজার মার্কিন নাগরিক অংশ নেন।
এতে দেখা গেছে, প্রায় অর্ধেক বা ৪৭ শতাংশ মানুষ স্কিলকেশন ভ্রমণে আগ্রহী। আর ৬৮ শতাংশ মনে করেন, এ ধরনের অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিতে পারে।
তরুণ ভ্রমণকারীরাই এই প্রবণতাকে এগিয়ে নিচ্ছেন। জেন জি ও মিলেনিয়ালদের ৪১ শতাংশ ইতোমধ্যে স্কিলকেশন করেছেন। এই হার বেবি বুমারদের ক্ষেত্রে মাত্র ১৬ শতাংশ।
স্কিলকেশনের সঙ্গে আরেকটি জনপ্রিয় ভ্রমণধারা রয়েছে— ডিজিটাল ডিটক্স।
জরিপে ৬৮ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, স্কিলকেশনের সময় তারা পুরোপুরি ডিজিটাল ডিভাইস ও অনলাইন জগত থেকে বিচ্ছিন্ন থাকতে আগ্রহী। জেন জির মধ্যে এই হার আরও বেশি; ৮৩ শতাংশ।
এই প্রবণতার ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। ২৭ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, এর ফলে নতুন অভিজ্ঞতার প্রতি তাদের আগ্রহ বেড়েছে। একই সংখ্যক মানুষ আত্মবিশ্বাস বৃদ্ধির কথা বলেছেন। আর ২৬ শতাংশ মনে করেন, এ ধরনের ভ্রমণ তাদের কাছে ছুটিকে আরও অর্থবহ করে তুলেছে।