বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, বিমান সংস্থা ও ভ্রমণসেবা প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও থাকবে বিভিন্ন গন্তব্য, ভিসা, টিকিট ও ভ্রমণ প্যাকেজের তথ্য।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থী এতে অংশ নেবেন।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

তিনি বলেন, দেশের পর্যটন বাণিজ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলায় দেশি-বিদেশি ট্যুর অপারেটর, গন্তব্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা ও অন্যান্য ভ্রমণসেবা প্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজনের অন্যতম আকর্ষণ প্রাক-নির্ধারিত ব্যবসায়িক বৈঠক। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা আগে থেকেই বৈঠকের সময় ঠিক করতে পারবেন। এতে নতুন চুক্তি, ভ্রমণ প্যাকেজ ও গন্তব্য নিয়ে ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে জানান আয়োজকরা।

মেলায় ব্যবসায়িক পর্যায়ের কার্যক্রমের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও থাকবে বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ, বিমান টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং বিশেষ ভ্রমণ অফারের তথ্য।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।’

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়লে দেশের পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সরাসরি প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ৫০ টাকা দিতে হবে।