রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়ে দুর্গম সীতাপাহাড়ে পথ হারিয়ে ফেলেছিলেন চার পর্যটক। টানা বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া পাহাড়ি পথ ও দ্রুত সন্ধ্যা নেমে আসায় তারা গহিন এলাকায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এবং বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেন।
বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ট্র্যাকিংয়ে ওঠেন। দিনভর বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে পড়লে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে তারা দিক হারিয়ে ফেলেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে চার পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়।
কাপ্তাই ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, নদী ও হ্রদভিত্তিক পর্যটন দিন দিন ভ্রমণপিপাসুদের আকর্ষণ করছে। তবে দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়া, পথের অবস্থা ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কে আগে থেকে ধারণা রাখা জরুরি।
স্থানীয়দের মতে, অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় ঘুরতে যান। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা ও পানিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।