প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্য বিশ্বের নানা প্রান্তে রয়েছে এমন কিছু গন্তব্য, যেখানে বন্য পরিবেশেই দেখা মেলে অসাধারণ রঙের পাখির। মধ্য আমেরিকার মেঘবন থেকে আফ্রিকার সাভানা, অস্ট্রেলিয়ার উষ্ণ সাভানা কিংবা দক্ষিণ আমেরিকার বনাঞ্চল, এসব অঞ্চলে পাখি পর্যবেক্ষণ ভ্রমণ হতে পারে প্রকৃতির রঙিন বৈচিত্র্য কাছ থেকে দেখার অনন্য অভিজ্ঞতা।
রেসপ্লেন্ডেন্ট কুয়েটজাল
কোস্টারিকা, গুয়াতেমালা ও পানামার পাহাড়ি মেঘবনে দেখা যায় এই আকর্ষণীয় পাখি। সবুজ ঝলমলে পালক, লাল বুক এবং প্রজনন মৌসুমে লম্বা লেজের পালক একে বিশেষভাবে চোখে পড়ার মতো করে তোলে।
স্কারলেট ম্যাকাও
মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে দেখা যায় উজ্জ্বল লাল রঙের এই বড় টিয়াপাখি। হলুদ ও নীল পালকের সমন্বয়ে এটি বৃষ্টিবনের অন্যতম আকর্ষণীয় দৃশ্য।
লাইলাক-ব্রেস্টেড রোলার
কেনিয়া, তানজানিয়া, বতসোয়ানা ও নামিবিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে সাফারি ভ্রমণে এই পাখি দেখা যায়। লাইলাক, নীল, সবুজ ও বাদামি রঙের পালক এর প্রধান বৈশিষ্ট্য।
ভারতীয় ময়ূর
ভারত ও শ্রীলঙ্কায় দেখা যায় ভারতীয় ময়ূর। ঝলমলে নীল গলা এবং চোখের মতো নকশা করা দীর্ঘ লেজের জন্য এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। প্রজনন মৌসুমে পুরুষ ময়ূরের নৃত্য আরও দর্শনীয় হয়ে ওঠে।
গোল্ডিয়ান ফিঞ্চ
উত্তর অস্ট্রেলিয়ার উষ্ণ সাভানা অঞ্চলের এই ছোট পাখির বুকে বেগুনি, পিঠে সবুজ ও নিচের অংশে হলুদ রঙ দেখা যায়। তবে বন্য পরিবেশে এদের দেখা পাওয়া তুলনামূলকভাবে কঠিন হতে পারে।
রেইনবো লরিকিট
পূর্ব ও উত্তর অস্ট্রেলিয়ার বনাঞ্চল ও উপযুক্ত ফুলগাছসমৃদ্ধ শহুরে এলাকাতেও এই পাখি দেখা যায়। নীল মাথা, সবুজ ডানা ও কমলা-লাল বুকের কারণে নামের সঙ্গে এর চেহারার মিল স্পষ্ট।
ম্যান্ডারিন হাঁস
পূর্ব এশিয়ার উপযুক্ত জলাভূমি ও বনঘেরা এলাকায় দেখা যায় এই হাঁস। পুরুষ পাখির কমলা, বেগুনি, সবুজ, নীল ও সাদা রঙের পালক একে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
টারকোয়েজ-ব্রাউড মটমট
মেক্সিকো ও মধ্য আমেরিকার বনাঞ্চলে দেখা যায় এই পাখি। কপালের নীল-সবুজ রেখা এবং র্যাকেটের মতো আকৃতির লেজ এর স্বতন্ত্র পরিচয়।
পেইন্টেড বান্টিং
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কিছু অঞ্চলে পাওয়া যায় এই ছোট কিন্তু উজ্জ্বল রঙের পাখি। ঘন পাতার আড়ালে থাকার অভ্যাসের কারণে পর্যবেক্ষকদের জন্য একে খুঁজে পাওয়া চ্যালেঞ্জ হতে পারে।
নীল ও হলুদ ম্যাকাও
ব্রাজিল, বলিভিয়া, পেরুসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন বন ও জলাভূমিতে দেখা যায় এই বড় টিয়া। গাঢ় নীল ওপরের অংশ ও উজ্জ্বল হলুদ নিচের অংশ একে সহজেই আলাদা করে চেনায়।