আসন্ন শীত মৌসুমের ভ্রমণ পরিকল্পনা, দেশি-বিদেশি পর্যটন গন্তব্যের তথ্য এবং বিশেষ ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানার সুযোগ নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। দেশের পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের পাশাপাশি কয়েকটি দেশের পর্যটন প্রতিষ্ঠানও এতে অংশ নেবে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা জানিয়েছে, এবারের মেলায় ৩০০টির বেশি স্টলে দেশ-বিদেশের পর্যটন প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, জাতীয় পর্যটন সংস্থা, বিনিয়োগকারী ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন ও সার্বিক সহযোগিতায় আয়োজিত মেলায় থাকছে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ, সেমিনার, দলীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটনবিষয়ক আলোচনা এবং র‍্যাফেল ড্র। পর্যটন খাতের ব্যবসায়িক অংশীজনদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও বিভিন্ন গন্তব্য ও ভ্রমণসেবার বিষয়ে তথ্য নেওয়ার সুযোগ পাবেন।

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আতিথেয়তা সহযোগী হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় মেলায় অংশ নেওয়া বিদেশি অতিথিদের আবাসন ও আতিথেয়তা সেবায় সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভি. কে. বলেন, এ ধরনের একটি সমন্বিত পর্যটন মেলা পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক ও পেশাগত যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি একটি দেশের পর্যটন সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ বিনিয়োগের চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস ২০২৭ উদযাপনের অংশ হিসেবে এবারের মেলাকে বাংলাদেশের পর্যটনশিল্পের একটি বৃহৎ মিলনমেলা ও পর্যটন উৎসবে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশ-বিদেশের পর্যটন প্রতিষ্ঠানগুলো আসন্ন শীত মৌসুমের ভ্রমণ পরিকল্পনার জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজ, ছাড় ও বিশেষ অফার নিয়ে অংশ নেবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে পর্যটকদের আগ্রহ ও ভ্রমণ প্রবাহ বাড়বে বলে আয়োজকরা আশা করছেন।

পর্যটন খাতের সঙ্গে যুক্ত হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা ও জাতীয় পর্যটন সংস্থাগুলোকে একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতেও এবারের আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।