কক্সবাজারে বেড়ানো শেষে ঢাকায় ফেরার পথে ভয়াবহ আতঙ্কের মুখে পড়েন ৩০ পর্যটক। কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে আগুন লাগলে স্থানীয়দের সহায়তায় জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কিছুক্ষণ পর বাসের ভেতর পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। মুহূর্তেই বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন।

পরে বাসের ভেতর থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে আসা যাত্রী সোহেল রানা বলেন, স্থানীয় লোকজন দ্রুত জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরেক যাত্রী মোহাম্মদ আলী বলেন, প্রথমে পোড়া গন্ধ পান, পরে আগুন দেখতে পান। তবে শুরুতে বাসের চালক বা সহকারী বিষয়টি যাত্রীদের জানাননি বলে অভিযোগ করেন তিনি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত যাত্রীদের বাস থেকে নিরাপদে বের করে আনা হয়।

বাস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।