কলকাতার নিউ মার্কেট এলাকার আরও ১৭টি হোটেলকে শোকজ় করেছে পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস।

এসব হোটেলগুলো নিয়েও গাফিলতির অভিযোগ রয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে হোটেলগুলি বন্ধ করেও দেওয়া হতে পারে।

মঙ্গলবার রাতে নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইনে’ আগুন লাগে।  ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে নয়জনের। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক।

ওই ঘটনার পর কঠোর হয় প্রশাসন। কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তারা একজনকে গ্রেফতারও করেছে। তবে হোটেলের মালিকের খোঁজ এখনও মেলেনি।

অগ্নিকাণ্ডের পর পৌরসভা ও ফায়ার সার্ভিস হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে।

বৃহস্পতিবার মির্জ়া গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং চারটি রেস্তোরাঁকে শোকজ করা হয়েছিল। তাদের কাছ থেকেও জবাব চাওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। শুক্রবার সেই তালিকায় যোগ হলো আরও ১৭টি হোটেল।