কলকাতার নিউ মার্কেট এলাকার যে হোটেলে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে, সেটিতে বিদ্যুতের ‘ওভারলোড’ থাকার প্রমাণ পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, ওই হোটেলের একটি সংযোগ থেকেই বিভিন্ন তলায় দেওয়া হয়েছিল রেফ্রিজারেটরের সংযোগ। এসির মতো একাধিক বৈদ্যুতিক যন্ত্রও চলছিল ওই সংযোগের মাধ্যমে।

পত্রিকাটি লিখেছে, মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে এর আগে কয়েকবার মালিকানার হাতবদল ঘটে।

মঙ্গলবার রাতে নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইনে’ আগুন লাগে।  ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে নয়জনের। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক।

ওই ঘটনার পর কঠোর হয় প্রশাসন। কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তারা একজনকে গ্রেফতারও করেছে। তবে হোটেলের মালিকের খোঁজ এখনও মেলেনি।

অগ্নিকাণ্ডের পর পৌরসভা ও ফায়ার সার্ভিস হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে।

বৃহস্পতিবার মির্জ়া গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং চারটি রেস্তোরাঁকে শোকজ করা হয়েছিল। তাদের কাছ থেকেও জবাব চাওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। শুক্রবার সেই তালিকায় যোগ হয় আরও ১৭টি হোটেল।