দক্ষিণ সুইডেনের সোদেরওসেন ন্যাশনাল পার্ক শুধু ঘন বন, খাড়া পাহাড় আর নীল জলের হ্রদের জন্য নয়, প্রকৃতি কীভাবে মানুষের হস্তক্ষেপের পর নিজস্ব রূপ ফিরে পেতে পারে, তারও এক অনন্য উদাহরণ। ২০০১ সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত এই সংরক্ষিত এলাকা ১ হাজার ৬২৫ হেক্টরজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে প্রাচীন পত্রঝরা বন, গভীর উপত্যকা, শিলাময় ঢাল ও দীর্ঘ হাঁটার পথ।

সুইডেনের স্কোনে অঞ্চলে অবস্থিত সোদেরওসেনের ভূপ্রকৃতি তৈরি হয়েছে দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়া, শিলাস্তরে ফাটল ও বরফযুগের প্রভাবে। আজকের ঘন সবুজ বন দেখে বোঝার উপায় নেই, কয়েক শতাব্দী আগে এখানকার অনেক অংশ ছিল বনশূন্য তৃণভূমি বা হিথ। পশুচারণের জমি ধরে রাখতে কোথাও কোথাও উদ্ভিদ পুড়িয়ে ফেলা হতো।

সময়ের সঙ্গে সেই ভূদৃশ্য বদলে যায়। বিচসহ নানা পত্রঝরা গাছের বিস্তারে তৈরি হয় ঘন বন। মৃত গাছ ও শুকনো কাঠও এখন সরিয়ে ফেলা হয় না। এগুলো পচে গিয়ে পোকামাকড়, ছত্রাক ও অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি করে, যা বনভূমির জীববৈচিত্র্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ।

অরণ্যের ভেতর নীল হ্রদ

পার্কের অন্যতম আকর্ষণ ওডেনসিয়ন বা ওডিনস লেক। খাড়া, গাছপালায় ঢাকা ঢালের মাঝে থাকা এই প্রায় গোলাকার হ্রদে ভূগর্ভস্থ ঝরনার পানি এসে জমে। ওডেনসিয়নকে ঘিরে হাঁটার পথও রয়েছে। বর্তমান ২০২৬ সালের পার্ক মানচিত্র অনুযায়ী, ওডেনসিয়ন থেকে দর্শনস্থল পর্যন্ত একটি ২ দশমিক ৬ কিলোমিটারের পথ রয়েছে।

স্ক্যারালিডের গভীর উপত্যকা

জাতীয় উদ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ স্ক্যারালিড। এখানকার গভীর রিফট উপত্যকা ও খাড়া ঢাল সোদেরওসেনের ভূপ্রকৃতির অন্যতম প্রধান আকর্ষণ। রয়েছে দর্শনার্থী তথ্যকেন্দ্র ন্যাটুরাম সোদেরওসেন, যেখানে পার্কের প্রকৃতি, ভূতত্ত্ব ও ইতিহাস সম্পর্কে জানা যায়।

সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু নরওয়ে স্প্রুস গাছও অপসারণ করা হয়েছে। এর লক্ষ্য স্থানীয় পত্রঝরা বনভূমির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।

হাঁটাপথে প্রকৃতির আরও কাছে

হাঁটার জন্য রয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের পথ। যেমন ৯০০ মিটারের স্ক্যারদাম্মেন পথ, ৪ কিলোমিটারের কোপারহাট্টসুরান, ৭ দশমিক ৭ কিলোমিটারের হিওর্টস্প্রংসরুনদান এবং ১ দশমিক ২ কিলোমিটারের ওডেনসিয়নপথ। দীর্ঘ পথগুলোর কিছু অংশ খাড়া ও পাথুরে হওয়ায় হাঁটার আগে নিজের সক্ষমতা ও আবহাওয়া বিবেচনা করা জরুরি।

সোদেরওসেনের বিশেষত্ব তাই শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যে নয়। মানুষের ব্যবহারে বদলে যাওয়া একটি ভূদৃশ্য কীভাবে সংরক্ষণ, সময় ও প্রকৃতির নিজস্ব প্রক্রিয়ায় আবার সবুজে ফিরতে পারে, দক্ষিণ সুইডেনের এই জাতীয় উদ্যান তার জীবন্ত উদাহরণ।