টানা দুই দিনের ভারী বৃষ্টির পর শুক্রবার কক্সবাজারে দেখা মিলেছে ঝলমলে রোদের। সঙ্গে সাপ্তাহিক ছুটি। অনুকূল আবহাওয়ায় সকাল থেকেই বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত হিসেবে পরিচিত কক্সবাজারে বাড়তে থাকে পর্যটকের ভিড়। তবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে সতর্কতা।
সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টানানোর পাশাপাশি টহল জোরদার করেছেন লাইফগার্ড কর্মীরা। মাইকিং করে পর্যটকদের সতর্ক করছেন স্বেচ্ছাসেবকেরাও। তারপরও অনেকে সতর্কবার্তা উপেক্ষা করে সমুদ্রে নামছেন বলে জানিয়েছেন লাইফগার্ড সংশ্লিষ্টরা।
শুক্রবার সৈকতে গিয়ে দেখা যায়, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। কেউ সমুদ্রে নেমে ঢেউ উপভোগ করছেন, আবার কেউ বালুচরে বসেই উপভোগ করছেন সাগরের গর্জন। তবে ঢেউয়ের তীব্রতার কারণে শিশুদের নিয়ে পানিতে নামতে অনেকেই সতর্কতা অবলম্বন করছেন।
পর্যটক আরিফুর রহমান বলেন, ‘আমার সমুদ্র খুব পছন্দ। শুক্রবার কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। আমি এর আগে অনেকবার কক্সবাজারে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে, এবার সমুদ্রের ঢেউ সবচেয়ে বেশি উত্তাল। একই সঙ্গে সমুদ্রের গর্জনও অনেক বেশি শোনা যাচ্ছে।’
পর্যটক রিসিতা জাহান বলেন, ‘সাগর পছন্দ, তাই তো কক্সবাজারে ঘুরতে আসা। আমাদের দেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে অবস্থিত, এটি আমাদের জন্য গর্বের বিষয়। তবে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। এ বিষয়ে সরকারের আরও গুরুত্ব দিয়ে সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’
কক্সবাজারস্থ সিআইপিআরবির কমিউনিটি এডুকেটর নাছিমা আক্তার বলেন, পর্যটকদের সবসময় লাইফগার্ডের নির্ধারিত এলাকায় গোসল করতে হবে। হাঁটুপানির বেশি গভীরে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান। পানিতে নামার আগে আবহাওয়া এবং জোয়ার-ভাটার পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শও দেন তিনি।
সী সেফ লাইফগার্ড সংস্থার ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যেও অনেক পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানিতে নামছেন। তাদের সতর্ক করতে লাল পতাকা ও মাইকিং করা হচ্ছে। তবে পর্যাপ্ত লাইফগার্ড এবং উন্নতমানের প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকায় ব্যস্ত সময়ে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে।
এদিকে পর্যটকের ভিড়ে প্রাণ ফিরেছে সৈকতপাড়ের ব্যবসা-বাণিজ্যে। সুগন্ধা পয়েন্টের পার্ল ব্যবসায়ী মো. কামাল জানান, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। পর্যটক বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
গুরুত্বপূর্ণ তথ্য
- সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল।
- সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টানানো হয়েছে।
- লাইফগার্ডদের টহল ও সতর্কতামূলক মাইকিং জোরদার করা হয়েছে।
- শিশুদের নিয়ে সমুদ্রে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।