বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের অবস্থান দীর্ঘ করা এবং আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি নাসির রহমান বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে নতুন কমিটি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইস কর্তৃপক্ষের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসির রহমান বলেন, বাংলাদেশের আতিথেয়তা শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতকে ঘিরে কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পেলেও এখানে পর্যটকদের একদিনের বেশি অবস্থান ও ঘোরার মতো পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি।
তার ভাষ্য, এ কারণে অনেক পর্যটক কক্সবাজারে পুনরায় আসছেন না। এর সঙ্গে রয়েছে যাতায়াতের ভোগান্তি। বিদ্যমান এসব ঘাটতি দূর করে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিহা কাজ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিহার সভাপতি আরও বলেন, পর্যটনের রূপান্তরের ধারায় সংগঠনটি ঐক্য বজায় রাখা, সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা এবং টেকসই ও বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, বিশ্বপর্যটন বাজারে বাংলাদেশকে একটি উচ্চমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা বিহার অঙ্গীকার।
নাসির রহমান বলেন, বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার পর্যটনবান্ধব শিল্প গড়ে তুলতে বেসরকারি খাতকে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে তিনি বিহার অতীত কার্যক্রম নিয়েও কথা বলেন। তাঁর অভিযোগ, সংগঠনটি আগে একটি ‘পকেট সংগঠন’ হিসেবে পরিচিত ছিল এবং হোটেলসংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে সদস্যপদ দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। নতুন কমিটি হোটেল খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ এগিয়ে নেবে বলেও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিহার প্রথম সহসভাপতি আহমদ ইউছুপ ওয়ালিদ, পরিচালক আরিফুর রহমান, আহমেদ হোসাইন, সাঈদ আহমদ ও রাশেদ মাহমুদ ছাড়াও কক্সবাজারের বিভিন্ন তারকা হোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।