বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণ ও প্রশাসনের নিয়ম অমান্যের অভিযোগে এক নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। সর্বশেষ এই বহিষ্কারাদেশের মধ্য দিয়ে চলতি আগস্ট মাসে নয় দিনের ব্যবধানে থানচিতে মোট তিনজন পর্যটক গাইডের বিরুদ্ধে একই ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

সোমবার জারি করা এক অফিস আদেশে সর্বশেষ বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইড সাশৈথোয়াই মারমা প্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেছেন।

অফিস আদেশ অনুযায়ী, গত ৮ আগস্ট থানচি পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল স্বাক্ষরিত আদেশে তাঁকে পর্যটক গাইড হিসেবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনগুলোকে অবহিত করা হয়েছে।

এর আগে ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও দুজন গাইডকে বহিষ্কার করা হয়েছিল। ফলে চলতি মাসে এ পর্যন্ত থানচিতে মোট তিনজন পর্যটক গাইড বহিষ্কারাদেশ পেলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল বলেন, ‘থানচির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করতে হলে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা, এই তিনটি বিষয় নিশ্চিত করা জরুরি।’

থানচি বান্দরবানের একটি পর্যটননির্ভর এলাকা। পাহাড়, ঝরনা, খুম, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সেখানে যান। দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় গাইডদের দিকনির্দেশনা, নিরাপত্তা ও পর্যটকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ।