অক্টোবর ভ্রমণের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় সময়। কোথাও গ্রীষ্মের ভিড় কমে আসে, কোথাও শুরু হয় শরতের রঙ, আবার কোনো গন্তব্যে আবহাওয়া হয়ে ওঠে হাঁটা, সমুদ্রভ্রমণ ও প্রকৃতি দেখার জন্য আদর্শ। স্পেনের মেনোরকা থেকে জাপানের তোহোকু, মরক্কোর ফেজ থেকে পেরুর কুসকো, অক্টোবরের ভ্রমণপঞ্জিতে তাই মিলছে বৈচিত্র্যময় ১০ গন্তব্য। 

১. মেনোরকা, স্পেন

গ্রীষ্মের তীব্র গরম ও পর্যটকের ভিড় কমে এলেও মেনোরকার সৈকতে অক্টোবরে থাকে মনোরম উষ্ণতা। স্থানীয়ভাবে এই সময়কে ‘শীতের বসন্ত’ বলা হয়। দ্বীপটির রাজধানী মাহোন ও ঐতিহাসিক সিউতাদেলা ঘুরে দেখা, প্রায় চার হাজার বছরের পুরোনো মেগালিথিক স্থাপনা দেখা এবং ১৮৫ কিলোমিটার দীর্ঘ ক্যামি দে কাভালস উপকূলীয় পথে হাঁটা বা সাইকেল চালানো যায়। মেনোরকা ইউনেসকোর জীবমণ্ডল সংরক্ষণ এলাকা।

২. মন্টেনেগ্রো

নভেম্বর পর্যন্ত মন্টেনেগ্রোর পাহাড়ে হাঁটার উপযোগী আবহাওয়া থাকে। ইউনেসকো স্বীকৃত দুরমিতোর জাতীয় উদ্যানে ২ হাজার মিটারের বেশি উচ্চতার ৪৮টি শৃঙ্গ রয়েছে। বিয়োগ্রাদস্কা গোরা জাতীয় উদ্যান, ওরিয়েন ও লোভচেন পাহাড়ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ ববতোভ কুকের উচ্চতা ২,৫২৩ মিটার।

৩. নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র

অক্টোবরে নিউ মেক্সিকোর আবহাওয়া সাধারণত রৌদ্রোজ্জ্বল ও মৃদু থাকে। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রায় তাওস পুয়েবলো, সান্তা ফে এবং বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ি অঞ্চল ঘুরে দেখা যায়। এ সময় আলবুকার্কির বেলুন উৎসবও বিশেষ আকর্ষণ।

৪. দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড

অক্টোবরে পর্যটকের চাপ কমে আসায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গ, প্রাসাদ, অ্যাবি ও প্রাচীন পাথরের স্থাপনা তুলনামূলক শান্ত পরিবেশে দেখা যায়। দীর্ঘ সাউথ ওয়েস্ট কোস্ট পথসহ বিভিন্ন হাঁটার পথ এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খাবারের দোকানও এ অঞ্চলের আকর্ষণ।

৫. সেশেলস

সারা বছরই উষ্ণ সেশেলসে অক্টোবরে সমুদ্র অপেক্ষাকৃত শান্ত থাকে। পানির তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং দৃশ্যমানতা প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে। সাঁতার, স্নরকেলিং ও ডাইভিংয়ের পাশাপাশি এ সময় পরিযায়ী তিমি হাঙর দেখার সুযোগও থাকে।

৬. ফেজ, মরক্কো

গ্রীষ্মের প্রচণ্ড গরম ও শীতের ঠান্ডার মাঝামাঝি অক্টোবরে ফেজের ঐতিহাসিক নগর ঘুরে দেখার উপযোগী সময়। ৯ হাজার ৪০০টি গলিপথ নিয়ে গড়ে ওঠা ফেস এল-বালির পুরোনো নগর অংশে দেখা যায় ঐতিহ্যবাহী স্থাপত্য, বাজার, মাদ্রাসা ও চামড়া প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র।

৭. কুসকো অঞ্চল, পেরু

মাচু পিচুর বিখ্যাত ইনকা পথের পাশাপাশি কুসকো অঞ্চলে রয়েছে আরও বহু প্রাচীন পথ। প্রায় ৩০ হাজার কিলোমিটার বিস্তৃত কিউহাপাক নান পথের বিভিন্ন অংশ এখনো টিকে আছে। অক্টোবরে বর্ষা শুরুর আগের সময়ে সালকান্তাই ও লারেস পথ ধরে ভ্রমণ এবং চোকেকিরাওয়ের প্রাচীন নগর দেখা যায়।

৮. নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া

দক্ষিণ গোলার্ধে অক্টোবর বসন্তকাল। নিউ সাউথ ওয়েলসে এ সময় উষ্ণ আবহাওয়া, বুনো ফুল ও বন্যপ্রাণীর সক্রিয়তা দেখা যায়। সিডনি ও ব্রিসবেনের মধ্যবর্তী উপকূলের পাশাপাশি ব্লু মাউন্টেনস, গুহা, জলপ্রপাত, বৃষ্টিবন, ঐতিহাসিক খনি ও আদিবাসী শিলাচিত্রও ঘুরে দেখা যায়।

৯. তোহোকু, জাপান

জাপানের উত্তরাঞ্চলের তোহোকু অক্টোবরে লাল-সোনালি শরতের রঙে বদলে যায়। এখানে উষ্ণ প্রস্রবণ, দুর্গ, মন্দির, বন ও পাহাড়ের পাশাপাশি সামুদ্রিক খাবার, স্থানীয় নুডলস, আপেল ও সাকে বিশেষ আকর্ষণ। মিচিনোকু উপকূলীয় পথের দৈর্ঘ্য ১ হাজার কিলোমিটারেরও বেশি।

১০. ফিজি

৩৩৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত ফিজিতে সাদা বালুর সৈকত, নীল সমুদ্র ও জলক্রীড়ার সুযোগ রয়েছে। ইয়াসাওয়া ও মামানুকা দ্বীপপুঞ্জ পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। সাঁতার, সার্ফিং ও স্নরকেলিংয়ের পাশাপাশি দ্বীপের শান্ত পরিবেশ উপভোগ করা যায়।