যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। আড়াইশর বেশি যাত্রী নিয়ে যাত্রা করা ফ্লাইটটি শনিবার রাতে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ছেড়ে রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

বিজি-৩০৬ ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এটি।

এর আগে আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

দীর্ঘ চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রকৌশলী দলটি শনিবার দুপুরে বিজি-৩০৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে পৌঁছায়।

কারিগরি ত্রুটি সমাধানের পর শনিবার রাতে উড়োজাহাজটিকে আবার পরিচালনার উপযোগী ঘোষণা করা হয়। এরপর বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়ে।

তবে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা রোমের ফিউমিচিনো বিমানবন্দরের ‘প্রিমা ভিস্তা’ লাউঞ্জে অবস্থান করতে হয়েছে।

অন্যদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ করেন যাত্রীরা।

রোম ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র। ফলে সেখানে দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ফ্লাইট আটকে পড়লে যাত্রীদের পরবর্তী সংযোগ, আবাসন ও ভ্রমণসূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কারিগরি প্রস্তুতি ও যাত্রীসেবার গুরুত্বও সামনে এসেছে।