ছুটি মানেই মানসিক চাপ থেকে মুক্তি আর একটু স্বস্তির সময়। কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় সেই ছুটিই হয়ে উঠতে পারে বিরক্তিকর অভিজ্ঞতা। বিশেষ করে রিসোর্ট বুকিংয়ের সময় কিছু সাধারণ বিষয় উপেক্ষা করলে বাড়তি খরচ, অসন্তুষ্টি এবং সময় নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই বুকিংয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে সচেতন থাকা জরুরি।

শর্তাবলি না পড়া
বুকিংয়ের সময় অনেকেই ছোট অক্ষরে লেখা শর্তাবলি পড়তে চান না। অথচ এখানেই লুকিয়ে থাকে আসল তথ্য। অনেক ক্ষেত্রে দেখা যায়, ট্যাক্স, সার্ভিস চার্জ বা গ্র্যাচুইটি প্যাকেজের বাইরে রাখা হয়েছে। আবার ফ্রি এয়ারপোর্ট ট্রান্সফার থাকলেও না জেনে আলাদা করে টাকা দিয়ে বুক করা হয়। রিফান্ড ও ক্যানসেলেশন পলিসি না পড়লে শেষ মুহূর্তে বড় অঙ্কের টাকা নষ্ট হতে পারে।

খাবারের প্যাকেজ নিশ্চিত না করা
অনেকে ভাবেন, আলাদা করে খাবার কিনলে খরচ কম হবে। বাস্তবে অল ইনক্লুসিভ রিসোর্টে আলাদা খাবারের দাম সাধারণত বেশি। বাইরে যে খাবার কম দামে পাওয়া যায়, রিসোর্টে সেটার দাম দ্বিগুণও হতে পারে। তাই আগেই দেখে নেওয়া ভালো খাবার প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত।

সবকিছু অন্তর্ভুক্ত ধরে নেওয়া
প্যাকেজ মানেই সব খরচ কাভার এমন ভাবনা ভুল। অনেক রিসোর্টে শুধু থাকা আর নির্দিষ্ট খাবার প্যাকেজে থাকে। পানীয়, স্পা, টিপস বা এক্সকারশন আলাদা খরচের হতে পারে। বিমানভাড়া সাধারণত প্যাকেজে থাকে না। তাই বুকিং কনফার্ম করার আগে কোন খরচ নিজের পকেট থেকে যাবে তা পরিষ্কার জানা জরুরি।

রিসোর্টের ধরন যাচাই না করা
সব রিসোর্ট এক ধরনের নয়। কোনোটি পরিবারকেন্দ্রিক, কোনোটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি শান্ত পরিবেশ চান কিন্তু ভুল করে শিশুদের জন্য জনপ্রিয় রিসোর্ট বুক করেন, তাহলে ছুটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই রিসোর্টের পরিবেশ, সুবিধা আর ইভেন্ট লিস্ট দেখে সিদ্ধান্ত নিন।

বাজেটের বাইরে খরচ করা
ছুটি উপভোগের নামে সাধ্যের বাইরে গেলে পুরো সফরটাই চাপের হয়ে ওঠে। ঋণ করে বা সব সঞ্চয় খরচ করে গেলে ছোট সমস্যাতেও বিরক্তি বাড়ে। অপ্রয়োজনীয় অ্যাড অন সার্ভিস নিলে শেষে বিশাল বিলের মুখে পড়তে পারেন। যা দরকার নেই, তার জন্য টাকা না খরচ করাই বুদ্ধিমানের কাজ।

শুধু রিসোর্টেই আটকে থাকা
সব সুবিধা রিসোর্টে থাকলেও বাইরে বের না হলে স্থানীয় সংস্কৃতি আর বাস্তব অভিজ্ঞতা মিস হয়ে যায়। কাছাকাছি জায়গা ঘোরা, স্থানীয় খাবার চেখে দেখা ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। তাই বাইরের জন্যও আলাদা সময় ও বাজেট রাখুন।

অতিরিক্ত খাওয়ার চাপ নেওয়া
অনেকে টাকা উশুল করতে গিয়ে অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এটা ছুটির আনন্দ নষ্ট করে। বরং নতুন নতুন খাবার অল্প অল্প করে ট্রাই করাই ভালো।