সাদা বালুর সৈকত, স্বচ্ছ ফিরোজা জল আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত মরিশাস। আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র শুধু সমুদ্রসৈকতের সংখ্যার জন্য নয়, বরং প্রতিটি সৈকতের আলাদা বৈশিষ্ট্য ও অভিজ্ঞতার জন্যও ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণ। পরিবার, অ্যাডভেঞ্চারপ্রেমী, সার্ফার কিংবা নিরিবিলি সময় কাটাতে আগ্রহী পর্যটক, সবার জন্যই রয়েছে উপযুক্ত গন্তব্য।
লে মর্নে
মরিশাসের দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে অবস্থিত লে মর্নে দেশটির অন্যতম দর্শনীয় সৈকত। শান্ত ও অগভীর ফিরোজা জল শিশুদের নিয়ে নিরাপদে সাঁতার কাটার সুযোগ দেয়। সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা লে মর্নে পর্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, ইতিহাসেরও সাক্ষী। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে পালিয়ে আসা দাসদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই এলাকা ২০০৮ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়।
লা কুভেতে
উত্তরের গ্র্যান্ড বেই অঞ্চলে অবস্থিত ছোট্ট এই উপসাগর সাঁতারপ্রেমীদের কাছে জনপ্রিয়। এখানে সৈকতের কাছেই পানির গভীরতা বাড়তে শুরু করে, ফলে দূরে না গিয়েও সহজে সাঁতার কাটা যায়। আশপাশে রয়েছে স্থানীয় খাবারের দোকান, যেখানে মরিশাসের জনপ্রিয় চাইনিজ প্রভাবিত খাবার ‘মাইন ফ্রিট’ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
ফ্লিক অঁ ফ্লাক
মরিশাসের দীর্ঘতম ও জনপ্রিয় সৈকতগুলোর একটি ফ্লিক অঁ ফ্লাক। বিস্তীর্ণ সাদা বালুর তটরেখা, শান্ত সমুদ্র এবং সপ্তাহান্তে স্থানীয় মানুষের প্রাণবন্ত উপস্থিতি এই সৈকতকে আলাদা পরিচিতি দিয়েছে। পরিবার নিয়ে পিকনিক, সাঁতার কিংবা স্থানীয় সেগা সঙ্গীতের আবহ উপভোগের জন্য এটি আদর্শ স্থান।
বেল মারে প্লাজ
দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত বেল মারে প্লাজ তুলনামূলক নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। ঘন বৃক্ষরাজি ও শান্ত সমুদ্রের কারণে এটি ভিড় এড়িয়ে বিশ্রাম খুঁজছেন এমন পর্যটকদের কাছে জনপ্রিয়। কাছেই রয়েছে সাগর শিব মন্দির, যা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান।
ইল ও সের্ফ
মরিশাসের বৃহত্তম লেগুন ঘেরা এই ছোট দ্বীপটি দিনব্যাপী ভ্রমণের জন্য অন্যতম সেরা গন্তব্য। স্পিডবোটে পৌঁছানো যায় দ্বীপটিতে। এখানে প্যারাসেইলিং, বানানা বোট রাইডসহ নানা জলক্রীড়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে নিরিবিলি সৈকতে বিশ্রাম নেওয়ার পরিবেশও মিলবে।
তামারিন
স্বস্তিদায়ক পরিবেশ ও সার্ফিং সংস্কৃতির জন্য পরিচিত তামারিন সৈকত। ভোরের দিকে স্থানীয় বাসিন্দাদের সমুদ্রতীরে হাঁটতে দেখা যায়, আর ভাগ্য ভালো হলে দূরে ডলফিনও দেখা মিলতে পারে। তবে এখানে মাঝে মাঝে শক্তিশালী স্রোত তৈরি হয়, তাই পর্যটকদের সতর্ক থাকতে হয়।
ব্লু বে
পরিবার ও শিশুদের জন্য সবচেয়ে উপযোগী সৈকতগুলোর মধ্যে অন্যতম ব্লু বে। অগভীর, স্বচ্ছ ও উষ্ণ জল নিরাপদ সমুদ্রস্নানের সুযোগ দেয়। এছাড়া কাছেই অবস্থিত ব্লু বে মেরিন পার্ক, যা মরিশাসের অন্যতম সেরা স্নোরকেলিং ও ডাইভিং স্পট হিসেবে পরিচিত। এখানে রঙিন সামুদ্রিক মাছ ও বিশাল প্রবাল প্রাচীর পর্যটকদের মুগ্ধ করে।
পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র
প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের অনন্য সমন্বয়ে মরিশাসের এসব সৈকত আন্তর্জাতিক পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। প্রত্যেকটি সৈকতের নিজস্ব বৈশিষ্ট্য থাকায় ভ্রমণকারীরা একই দ্বীপে ভিন্নধর্মী অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।