বিদেশ ভ্রমণের আগ্রহ দিন দিন বাড়ছে বাংলাদেশিদের মধ্যে। কেউ আগে থেকেই পরিকল্পনা করেন, আবার কেউ সুযোগ পেলেই বেরিয়ে পড়েন নতুন কোনো দেশে। তবে ভিসা প্রক্রিয়া, বাজেট, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা বিবেচনায় সঠিক গন্তব্য বেছে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
২০২৬ সালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সহজ ভিসা প্রক্রিয়া, তুলনামূলক কম খরচ, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এসব দেশ এখন বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের তালিকার শীর্ষে রয়েছে।
এখানে তুলে ধরা হলো ২০২৬ সালে ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় ৫টি দেশের কথা।
জাপান
প্রযুক্তি, ঐতিহ্য ও শৃঙ্খলার অনন্য মিশেলে গড়া দেশ জাপান দীর্ঘদিন ধরেই পর্যটকদের স্বপ্নের গন্তব্য। ২০২৬ সালেও দেশটিতে পর্যটকের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে চেরি ফুলের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক জাপানে ভ্রমণ করছেন।
টোকিওর আধুনিক নগরজীবনের পাশাপাশি কিয়োটোর ঐতিহাসিক মন্দির, ওসাকার প্রাণচঞ্চল রাতের জীবন কিংবা হোক্কাইডোর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে করে তোলে বৈচিত্র্যময়।
জাপানের গণপরিবহন ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত। বুলেট ট্রেনের মাধ্যমে খুব অল্প সময়েই এক শহর থেকে অন্য শহরে যাওয়া যায়। খাবারের ক্ষেত্রেও দেশটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। সুশি, রামেন ও তেম্পুরার স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করেন ভ্রমণপ্রেমীরা।
ঘুরে দেখার স্থান
টোকিওর সিবুয়া ক্রসিং, অ্যাসাকুসা মন্দির, কিয়োটোর ফুশিমি ইনারি মন্দির, নারার হরিণ পার্ক ও ওসাকার দোতোনবোরি।
ভ্রমণের সেরা সময়
মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর।
ভিয়েতনাম
কম বাজেটে বিদেশ ভ্রমণের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ভিয়েতনাম। পাহাড়, সমুদ্র, নদী ও ঐতিহাসিক স্থাপনার সমন্বয়ে দেশটি পর্যটকদের জন্য পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দেয়।
হ্যানয়ের পুরোনো শহরের ঐতিহ্য, হ্যালং বের নীল জলরাশি, হোই আনের রঙিন লণ্ঠনের রাস্তা এবং হো চি মিন শহরের ব্যস্ত জীবন সব মিলিয়ে ভিয়েতনাম হয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় দেশ।
থাকা, খাওয়া ও যাতায়াত খরচ তুলনামূলক কম হওয়ায় তরুণ ভ্রমণকারীদের কাছেও দেশটি বেশ জনপ্রিয়। বাংলাদেশিরা সহজেই অনলাইনে ই-ভিসার আবেদন করতে পারেন।
ঘুরে দেখার স্থান
হ্যালং বে, হোই আন, মু কাং চাই, ফু কুক দ্বীপ ও হো চি মিন শহর।
ভ্রমণের সেরা সময়
ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং নভেম্বর থেকে জানুয়ারি।
শ্রীলঙ্কা
বাংলাদেশের কাছাকাছি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। ছোট্ট এই দ্বীপদেশে একই সঙ্গে পাওয়া যায় সমুদ্র, পাহাড়, জঙ্গল, চা-বাগান ও ঐতিহাসিক নিদর্শনের সৌন্দর্য।
কলম্বো থেকে ক্যান্ডি পর্যন্ত ট্রেনযাত্রাকে বিশ্বের সবচেয়ে সুন্দর রেলপথগুলোর একটি বলা হয়। পাহাড়ঘেরা চা-বাগান আর মেঘে ঢাকা দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।
এছাড়া সিগিরিয়ার প্রাচীন পাথরের দুর্গ, এলা পাহাড়ি অঞ্চল, মিরিসা সমুদ্রসৈকত ও ইয়ালা জাতীয় উদ্যান পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার অনলাইন ভ্রমণ অনুমতি প্রক্রিয়াও তুলনামূলক সহজ।
ঘুরে দেখার স্থান
সিগিরিয়া, ক্যান্ডি, ইয়ালা জাতীয় উদ্যান, এলা ও মিরিসা সমুদ্রসৈকত।
ভ্রমণের সেরা সময়
ডিসেম্বর থেকে মার্চ।
ওমান
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মরুভূমি, পাহাড়, সমুদ্র ও ঐতিহ্যবাহী আরব সংস্কৃতির অনন্য সমন্বয় দেশটিকে অন্যদের থেকে আলাদা করেছে।
রাজধানী মাসকাট পরিচ্ছন্ন ও শান্ত শহর হিসেবে পরিচিত। সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদের স্থাপত্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এছাড়া ওয়াদি শাব ও ওয়াদি বানি খালিদের স্বচ্ছ নীল জলরাশি এবং পাহাড়ি গিরিখাত ভ্রমণে ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়।
ওমানের মানুষ অতিথিপরায়ণ হওয়ায় বাংলাদেশি পর্যটকদের কাছেও দেশটি স্বস্তিদায়ক মনে হয়। অনলাইনে সহজেই ই-ভিসার আবেদন করা যায়।
ঘুরে দেখার স্থান
সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, নিজওয়া দুর্গ, ওয়াদি শাব, ওয়াদি বানি খালিদ ও রুব আল খালি মরুভূমি।
ভ্রমণের সেরা সময়
অক্টোবর থেকে এপ্রিল।
মালয়েশিয়া
বাংলাদেশিদের কাছে বহুদিন ধরেই পরিচিত ও জনপ্রিয় ভ্রমণ গন্তব্য মালয়েশিয়া। তবে কেবল কুয়ালালামপুর নয়, দেশটির বিভিন্ন অঞ্চলেও রয়েছে অসাধারণ পর্যটন আকর্ষণ।
পেনাংয়ের জর্জ টাউন, মালাক্কার ঐতিহাসিক নিদর্শন, ক্যামেরন হাইল্যান্ডসের চা-বাগান এবং বোর্নিও অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
খাবারের বৈচিত্র্যও মালয়েশিয়ার অন্যতম বড় আকর্ষণ। মালয়, চীনা ও ভারতীয় সংস্কৃতির প্রভাব দেশটির খাদ্যসংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।
ঢাকা থেকে সরাসরি ফ্লাইট এবং তুলনামূলক সহজ ভিসা প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া এখনও অন্যতম সুবিধাজনক গন্তব্য।
ঘুরে দেখার স্থান
পেট্রোনাস টাওয়ার, জর্জ টাউন, মালাক্কা, ক্যামেরন হাইল্যান্ডস ও সাবাহ।
ভ্রমণের সেরা সময়
মে থেকে জুলাই এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।