পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। ঈদের দিন জেলার জনপ্রিয় চারটি পর্যটন কেন্দ্রে কোনো প্রবেশ ফি ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন দর্শনার্থীরা। এতে জনপ্রতি সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (২৪ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে ঈদুল আজহা উপলক্ষে সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই পর্যটকরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

পার্বত্য জেলা হিসেবে বান্দরবান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। ঈদের ছুটিতে প্রতিবছর এখানে ভ্রমণপিপাসু মানুষের ভিড় বাড়ে। বিশেষ করে নীলাচল ও চিম্বুকের পাহাড়ি সৌন্দর্য, মেঘলার লেক ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এমন পদক্ষেপ পর্যটন খাতে গতি বাড়াবে এবং পরিবার নিয়ে ভ্রমণে আগ্রহী মানুষ আরও উৎসাহিত হবেন।

এর আগেও বিশেষ দিবস উপলক্ষে পর্যটকদের জন্য ছাড় দিয়েছিল জেলা প্রশাসন। গত ২৭ ও ২৮ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।