আম, সিল্ক আর পদ্মার শহর রাজশাহী মানেই শুধু শান্ত পরিবেশ নয়, বরং ইতিহাস, প্রকৃতি আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন। হাতে যদি মাত্র একদিন সময় থাকে, তবুও এই শহর হতাশ করবে না। সকালে সবুজ ক্যাম্পাসে হাঁটা, দুপুরে শত বছরের ইতিহাস ছুঁয়ে দেখা আর বিকেলে নদীর ধারে বসে সূর্যাস্ত উপভোগ করা সবই সম্ভব অল্প সময়ের মধ্যেই। সবচেয়ে বড় সুবিধা হলো, রাজশাহীর দর্শনীয় স্থানগুলো কাছাকাছি অবস্থিত। তাই বেশি ঝামেলা ছাড়াই একদিনে শহরের সেরা জায়গাগুলো ঘুরে দেখা যায়। যারা ভাবেন একদিনে রাজশাহী ভ্রমণ অসম্ভব, এই গাইড তাদের ধারণা বদলে দেবে।
রাজশাহী নভোথিয়েটার
শহরের ভেতরে অবস্থিত রাজশাহী নভোথিয়েটার বিজ্ঞান ও কল্পনার এক অনন্য জগৎ। প্রায় ২.৩০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই স্থাপনাটি সম্পূর্ণ সৌরশক্তিনির্ভর। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই নভোথিয়েটার শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ ও সুন্দর ক্যাম্পাস। সবুজে ঘেরা প্রশস্ত রাস্তা, ঐতিহাসিক ভবন আর শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। ভ্রমণপ্রিয়দের জন্য এটি একটি আদর্শ জায়গা।
বরেন্দ্র গবেষণা জাদুঘর
১৯১০ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর। এখানে পাল, সেন, মৌর্য ও গুপ্ত আমলের প্রত্ননিদর্শন সংরক্ষিত আছে, যা ইতিহাসপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণ।
টি বাঁধ
পদ্মা নদীর তীরে অবস্থিত টি বাঁধ রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আড্ডাস্থল। সকাল ও বিকেলের নরম আলোয় নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমে এখানে।
পুঠিয়া রাজবাড়ী
রাজশাহী শহর থেকে কিছুটা দূরে অবস্থিত পুঠিয়া রাজবাড়ী উনবিংশ শতাব্দীর স্থাপত্যের অনন্য নিদর্শন। রাজবাড়ী ও আশপাশের মন্দিরগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা
পদ্মার তীরঘেঁষা এই উদ্যান ও চিড়িয়াখানা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ। পশুপাখি, লেক, রাইড আর খোলা পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে।
পদ্মা গার্ডেন
বড়কুটি থেকে দরগাপাড়া পর্যন্ত বিস্তৃত পদ্মা গার্ডেন বিকেলের সময় সবচেয়ে প্রাণবন্ত থাকে। নদীর ধারে হাঁটা আর খোলা মঞ্চের অনুষ্ঠান উপভোগ করতে অনেকেই এখানে আসেন।
শহীদ জিয়া শিশু পার্ক
নওদাপাড়ায় অবস্থিত এই শিশু পার্কে রয়েছে নানা রাইড, লেক ও পিকনিক স্পট। শিশুদের পাশাপাশি বড়দের কাছেও এটি জনপ্রিয়।
রাজশাহী কলেজ
১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর মূল ভবনটি দর্শনার্থীদের নজর কাড়ে।
সাফিনা পার্ক ও রিসোর্ট
গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্ক ও রিসোর্ট সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে। ফুলের বাগান, লেক আর বিভিন্ন রাইড জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে।
ভ্রমণ টিপস
পুঠিয়া রাজবাড়ী দিয়ে দিন শুরু করলে সময় বাঁচে। শহরের ভেতরে ঘোরার জন্য অটোরিকশা রিজার্ভ করা সুবিধাজনক। ভ্রমণের ফাঁকে সাহেব বাজার বা স্থানীয় রেস্টুরেন্টে রাজশাহীর খাবারের স্বাদ নিতে ভুলবেন না।