যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উটকিয়াগভিকে শুরু হয়েছে বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়। স্থানীয় সময় ১০ মে ভোর ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর টানা ৮৪ দিন আর সূর্য অস্ত যাবে না বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আগামী ২ আগস্ট পর্যন্ত শহরটির আকাশে সূর্য দৃশ্যমান থাকবে।

আলাস্কার আর্কটিক মহাসাগর-সংলগ্ন উটকিয়াগভি শহরটি আগে ব্যারো নামে পরিচিত ছিল। আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থানের কারণে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এখানে দেখা যায় এই বিরল প্রাকৃতিক ঘটনা।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণেই ‘মিডনাইট সান’ তৈরি হয়। জুনের শেষ দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকায় পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য পুরোপুরি দিগন্তের নিচে নামে না। ফলে আর্কটিক অঞ্চলের কিছু এলাকায় টানা দিনের আলো বজায় থাকে।

তবে সারাক্ষণ সূর্যের আলো থাকলেও সেখানে তীব্র গরম পড়ে না। আবহাওয়া বিষয়ক সংস্থা আকুওয়েদারের তথ্য অনুযায়ী, জুলাই মাস উটকিয়াগভির সবচেয়ে উষ্ণ সময় হলেও ঐতিহাসিকভাবে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাত্র ৪৯ ডিগ্রি ফারেনহাইট।

আলাস্কার অন্যান্য শহরেও এখন দীর্ঘ সময় সূর্যের আলো দেখা যাচ্ছে। এনকোরেজসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত সূর্য থাকে আকাশে। দীর্ঘ দিনের আলোকে কাজে লাগিয়ে স্থানীয়রা রাতের সময়েও বাগান করা, মাছ ধরা ও বিভিন্ন আউটডোর কাজ চালিয়ে যাচ্ছেন।

উটকিয়াগভিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। ২ আগস্টের পর সূর্য অস্ত যেতে শুরু করলেও শহরটিতে সঙ্গে সঙ্গে গভীর রাত নেমে আসবে না। প্রকৃত অন্ধকার ফিরতে অপেক্ষা করতে হবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।