সৌদি আরব ও রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চালু হয়েছে। কূটনৈতিক সম্পর্কের ১০০ বছর পূর্তির মধ্যেই নেওয়া এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নতুন ব্যবস্থায় সাধারণ পাসপোর্টধারীরা বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই দুই দেশে ভ্রমণ করতে পারবেন।

১১ মে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ও রাশিয়ার নাগরিকরা পর্যটন, ব্যবসায়িক সফর এবং পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারবেন। তবে এই সুবিধা কর্মসংস্থান, পড়াশোনা, স্থায়ী বসবাস কিংবা হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব ক্ষেত্রে আগের মতো আলাদা ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত সৌদি-রাশিয়া বিনিয়োগ ও ব্যবসা ফোরামে দুই দেশ এ সংক্রান্ত চুক্তিতে সই করে। দীর্ঘদিনের আলোচনার পর এবার সেটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।

চুক্তি অনুযায়ী, একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ ৯০ দিনের সুবিধা একটানা অথবা একাধিক সফরে ব্যবহার করতে পারবেন। এতে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি ও রুশ কর্মকর্তাদের ভাষ্য, এই ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা শুধু পর্যটন খাত নয়, বরং বিনিয়োগ, বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যটন বাড়ানোর যে উদ্যোগ চলছে, তার সঙ্গে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, বিনিয়োগ ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে রিয়াদ ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নতুন এই পদক্ষেপ সেই সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিল।

এদিকে সাধারণ পাসপোর্টধারীদের জন্য সৌদি আরবের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি পাওয়া প্রথম দেশ হিসেবে নতুন অবস্থানে গেল রাশিয়া। ফলে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের সঙ্গে সৌদি আরব একই ধরনের চুক্তিতে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।