এশিয়ান স্ট্রিট ফুড ফেস্টিভালের চতুর্থ আয়োজনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে ঘোষিত ১৩ থেকে ১৯ মে’র পরিবর্তে উৎসবটি এখন অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত।

জাগরেবের ট্রগ যোসিপা ইউরিয়া স্ত্রোসমায়েরা চত্বরে সপ্তাহব্যাপী এই আয়োজন বসবে। এশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে অঞ্চলের একমাত্র এ ধরনের উৎসবে থাকছে ১১টি ফুড স্টল। এখানে জাপান, কোরিয়া, চীন, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের খাবারের পাশাপাশি দুবাই-অনুপ্রাণিত নানা স্বাদও পাওয়া যাবে।
দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বাও বান, সুশি, গিওজা, শ্রীলঙ্কান কারি এবং থাই খাবারের জনপ্রিয় সব পদ। এছাড়া ফিউশন খাবার, সামুদ্রিক ও মাংসের বিশেষ পদ এবং ম্যাচা আইসক্রিম, ম্যাঙ্গো স্টিকি রাইস ও জাপানি প্যানকেকের মতো ডেজার্টও থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
উৎসবটি স্থানীয় শেফ ও জাগরেবের জনপ্রিয় রেস্তোরাঁগুলোর জন্য নতুন খাবার ও ধারণা উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। কয়েকজন অংশগ্রহণকারী এই আয়োজনের জন্য বিশেষভাবে তৈরি নতুন মেনুও উন্মোচন করবেন।

খাবারের পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে থাকবে নানা কর্মশালা ও বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে রয়েছে রান্না প্রদর্শনী, ওয়ক কুকিং কর্মশালা, ম্যাচা ও মোচি তৈরির সেশন এবং শিশুদের জন্য অরিগামি কার্যক্রম। স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় শিশুদের জন্য কারাতে কর্মশালাও অনুষ্ঠিত হবে।
উৎসবের পরিবেশ প্রাণবন্ত রাখতে প্রতিদিন থাকছে ডিজেদের সংগীত আয়োজন। দিনে থাকবে শান্ত সুর, আর সন্ধ্যার পর জমবে নাচের আসর।
প্রতিদিন উন্মুক্ত প্রবেশের মাধ্যমে চলবে এই উৎসব। শহরের কেন্দ্রস্থলের পার্কে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য এটি হয়ে উঠবে এশীয় খাবার ও সংস্কৃতি উপভোগের এক মিলনমেলা।