বিশ্বজুড়ে ভ্রমণকারীরা এখন শুধু কোথায় ঘুরতে যাবেন, সেটি নয়; বরং কেন ভ্রমণে যাচ্ছেন, সেটিকেও বেশি গুরুত্ব দিচ্ছেন।
হিল্টন হোটেলসের ২০২৬ সালের ট্রাভেল ট্রেন্ডস প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে ইউরো নিউজের খবরে বলা হয়েছে।
জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১৪ হাজারের বেশি ভ্রমণকারীর ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, এখনকার ভ্রমণের মূল চালিকা শক্তি হচ্ছে মানসিক প্রশান্তি, বিশ্রাম ও অর্থবহ অভিজ্ঞতার খোঁজ।
হিলটনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস নাসেতা বলেন, ভ্রমণে এখন মানুষ পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, তারা বিশ্বস্ত ব্র্যান্ডের সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
হাশপিটালিটি (Hushpitality): নীরবতা আর ব্যক্তিগত সময়ের খোঁজ
বর্তমান সময়ে অনেক ভ্রমণকারী ভিড় ও কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ খুঁজছেন। প্রতিবেদনে দেখা যায়, ৪৮ শতাংশ মানুষ পরিবার নিয়ে ভ্রমণের আগে বা পরে অতিরিক্ত কিছুদিন একা সময় কাটাতে চান। আবার ৫৪ শতাংশ জানিয়েছেন, পরিবার থেকে কিছুটা বিরতি পেতে তারা ব্যবসায়িক সফরেও যেতে আগ্রহী।
ব্যবসায়িক সফরে যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ শতাংশ একা সময় কাটানোকে অগ্রাধিকার দিচ্ছেন। ১৯ শতাংশ সামাজিক আড্ডার চেয়ে ঘুমকে বেশি গুরুত্ব দেন। আর ৩০ শতাংশ দলীয় আয়োজন শেষে রাতের খাবার বা হালকা নাশতা পছন্দ করেন।
সন্তানদের মতামতেই ভ্রমণ পরিকল্পনা
আগে পরিবারে বড়রাই ভ্রমণের গন্তব্য ঠিক করতেন। এখন সেই চিত্র বদলেছে। নতুন প্রজন্মও পারিবারিক ভ্রমণ পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
জরিপ অনুযায়ী, সন্তান বা নাতি-নাতনিদের নিয়ে ভ্রমণে যাওয়া ৭৩ শতাংশ অভিভাবক চান, শিশুরাও যেন পরিকল্পনায় অংশ নেয়।
এছাড়া ‘স্কিপ-জেন ট্রাভেল’ এর জনপ্রিয়তাও বাড়ছে। প্রায় ৩০ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, তারা সন্তানদের শুধু দাদা-দাদি বা নানা-নানির সঙ্গে ভ্রমণে পাঠাতে আগ্রহী।
পরিবারগুলো এখন ভ্রমণে মোবাইল বা স্ক্রিন ব্যবহারও কমাতে চাইছে। ৫৮ শতাংশ অভিভাবক জানিয়েছেন, ভ্রমণের সময় তারা নির্দিষ্ট সময় স্ক্রিনবিহীন থাকার উদ্যোগ নেন।
ইনহেরিট্যুরিজম: শেকড়ের টানে ভ্রমণ
শৈশবে পরিবারের সঙ্গে করা ভ্রমণ ভবিষ্যতের ভ্রমণ পছন্দেও প্রভাব ফেলছে। দুই-তৃতীয়াংশ ভ্রমণকারী বলেছেন, তাদের হোটেল বাছাইয়ের ক্ষেত্রে বাবা-মায়ের প্রভাব রয়েছে। আর ৭৩ শতাংশ জানিয়েছেন, তাদের সামগ্রিক ভ্রমণধারা পরিবার থেকেই গড়ে উঠেছে।
একই সঙ্গে বাড়ছে “ইনহেরিট্যুরিজম” প্রবণতা। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা নিজেদের পারিবারিক শেকড় ও ঐতিহ্য সম্পর্কে জানতে ভ্রমণের পরিকল্পনা করছেন।
আবার জনপ্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্রের রোড ট্রিপ
এ বছর রোড ট্রিপের জনপ্রিয়তা আবার বাড়ছে। হিলটনের তথ্য অনুযায়ী, ৬১ শতাংশ ভ্রমণকারী টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে চান না বিরতি ছাড়া। আর ৯০ শতাংশ বলেছেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আরামদায়ক বিছানাই তাদের সবচেয়ে বড় চাহিদা।