মানুষের জন্য বিদেশে গিয়ে বসবাস শুরু করা এক ধরনের নিঃসঙ্গ অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে যখন নতুন সংস্কৃতি, ভাষাগত বাধা কিংবা নতুন সামাজিক পরিমণ্ডলে মানিয়ে নিতে হয়।

তাই নতুন জীবনে খাপ খাইয়ে নেওয়ার সময় একটি আন্তরিক ও স্বাগতপূর্ণ পরিবেশ অনেক বড় সহায়তা হয়ে ওঠে। 
সুখবর হলো, ইন্টারন্যাশনসের ‘এক্সপ্যাট ইনসাইডার ২০২৫’ প্রতিবেদনে প্রবাসীদের জন্য সবচেয়ে বন্ধুসুলভ দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।

গবেষণাটির ‘বন্ধু খুঁজে পাওয়া’ উপশ্রেণিতে সামাজিক জীবন নিয়ে সন্তুষ্টি, নির্ভরযোগ্য সহায়তা ব্যবস্থা পাওয়া এবং স্থানীয় বন্ধু তৈরি করার সহজতাকে মূল্যায়ন করা হয়।

এই তিন ক্ষেত্রেই অসাধারণ ফল করেছে ইন্দোনেশিয়া। অর্থাৎ, সেখানে নতুনরা শুধু স্বাগতই পান না, বরং দ্রুতই স্থানীয় জীবনের অংশ হয়ে উঠতে পারেন। 
দীর্ঘদিন ধরেই দেশটি প্রবাসীদের জনপ্রিয় গন্তব্য। পাশাপাশি সেখানে রিমোট ওয়ার্কার ভিসাও রয়েছে, যার মাধ্যমে ডিজিটাল যাযাবররা বিদেশি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে করতেই ইন্দোনেশিয়ায় বসবাস করতে পারেন। বিশেষ করে বালি এখনো প্রবাসীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। 
তুলনামূলক কম খরচে জীবনযাপন, রিমোট কাজের অবকাঠামো, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কমিউনিটি এবং উষ্ণ আবহাওয়ার কারণে দ্বীপটি জনপ্রিয়। সেখানে প্রায় ৯০০টি বার রয়েছে—সাধারণ আড্ডাস্থল থেকে শুরু করে বিলাসবহুল ভেন্যু পর্যন্ত। ফ্রেন্ডস বার নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য স্বচ্ছন্দ পরিবেশ দেয়, আর আয়ানা রিসোর্ট বালির রক বার মনোরম দৃশ্যের সঙ্গে আরও আভিজাত্যপূর্ণ অভিজ্ঞতা দেয়।

উবুদ, যাকে অনেকেই বালির আধ্যাত্মিক কেন্দ্র মনে করেন। সেখানে দৈনন্দিন জীবন আবর্তিত হয় আধ্যাত্মিকতা, প্রকৃতি ও সুস্থতাকে ঘিরে। যোগব্যায়াম, প্রকৃতিতে হাঁটা, ধানক্ষেত ঘুরে দেখা কিংবা পুরা তির্তা এম্পুল ও উলুওয়াতু মন্দিরের মতো পবিত্র স্থাপনা ভ্রমণ সেখানে জনপ্রিয় কর্মকাণ্ড। প্রবাসীদের জন্য সবচেয়ে বন্ধুসুলভ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। দেশটির উন্মুক্ত সংস্কৃতি বিদেশিদের দ্রুত সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে, এমনকি ভালো স্প্যানিশ না জানলেও।

রাজধানী বোগোতা-তে সবচেয়ে বেশি প্রবাসী থাকলেও, মেডেলিন এখন দেশটির ‘এক্সপ্যাট রাজধানী’ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে এল পোবলাডো ও লরেলেস এলাকায় আন্তর্জাতিক কমিউনিটির জন্য উপযোগী কোওয়ার্কিং স্পেস ও সামাজিক আয়োজন রয়েছে। গড়ে সেখানে জীবনযাত্রার ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় অর্ধেক। দেশটি পেনশন বা অন্য প্যাসিভ আয় থাকা ব্যক্তিদের জন্য রেন্তিস্তা ভিসাসহ ডিজিটাল নোম্যাড ভিসাও দিয়ে থাকে।

বন্ধুসুলভ ১০ দেশ-
১. ইন্দোনেশিয়া
২. কলম্বিয়া
৩. মেক্সিকো
৪. ফিলিপাইন
৫. ব্রাজিল
৬. পানামা
৭. ওমান
৮. থাইল্যান্ড
৯. কেনিয়া
১০. ভিয়েতনাম