ইতালি মানেই শুধু একটি দেশ নয়, বরং হাজার বছরের ইতিহাস, শিল্প আর সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। রোমান সাম্রাজ্যের কেন্দ্র থেকে রেনেসাঁর জন্মভূমি—এই দেশটি ভ্রমণপ্রেমীদের জন্য অফুরন্ত অভিজ্ঞতার ভাণ্ডার। তাই ইতালিতে কোথায় যাবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কীভাবে ভ্রমণটি সাজাবেন। সঠিক পরিকল্পনা থাকলে আপনার সফর হয়ে উঠতে পারে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
আমালফি উপকূলে গ্ল্যামার আর প্রকৃতির মেলবন্ধন
ইতালির সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি আমালফি কোস্ট। পাহাড়ঘেরা উপকূল, নীল জলরাশি আর রঙিন শহর—সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা দেয়। পজিতানোতে বিলাসবহুল সময় কাটানো থেকে শুরু করে সোরেন্টোর পুরোনো শহরে ঐতিহ্যবাহী কারুশিল্প খোঁজা কিংবা রাভেলোর বাগান ভ্রমণ—সবই এখানে সম্ভব। ‘পাথ অব দ্য গডস’ নামের ট্রেইলটি প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।
তুসকানিতে শিল্প দেখার নতুন অভিজ্ঞতা
ফ্লোরেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতালির বিখ্যাত শিল্পভাণ্ডার। তবে ‘উফিজি ডিফুসি’ প্রকল্পের মাধ্যমে এখন শহরের বাইরে গ্রাম, দুর্গ এবং পাহাড়ি অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হচ্ছে শিল্পকর্ম। এতে পর্যটকের চাপ কমার পাশাপাশি ভিন্ন পরিবেশে শিল্প উপভোগের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্যও কাছ থেকে দেখা যায়।
রোমে ইতিহাসের গভীরে ডুব
ইতালির রাজধানী রোমকে বলা হয় বিশ্বের অন্যতম ঐতিহাসিক শহর। কলোসিয়াম, প্যানথিয়ন, রোমান ফোরাম কিংবা ভ্যাটিকান মিউজিয়াম—প্রতিটি স্থাপনাই ইতিহাসের একেকটি অধ্যায়। শহরটি ঘুরে দেখার জন্য স্কুটার ভ্রমণ জনপ্রিয়। তবে একবারে সব দেখা সম্ভব নয়, তাই পরিকল্পনা করে ভ্রমণ করাই উত্তম।
দ্বীপভ্রমণে ভিন্ন স্বাদ
ইতালির প্রায় ৪৫০টি দ্বীপ রয়েছে। সিসিলি ও সার্ডিনিয়ার মতো বড় দ্বীপ থেকে শুরু করে ক্যাপ্রি বা ইসকিয়ার মতো ছোট দ্বীপ—সবখানেই আলাদা অভিজ্ঞতা পাওয়া যায়। ক্যাপ্রি তার বিলাসিতা আর সৌন্দর্যের জন্য বিখ্যাত, আর ইসকিয়া পরিচিত প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জন্য।
ভেনিস রক্ষায় সচেতন ভ্রমণ
ভেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। প্রতিবছর বিপুল পর্যটকের চাপে শহরটির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পর্যটন নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে আগাম বুকিং ও পর্যটন কর। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ের ভ্রমণের বদলে কয়েকদিন থেকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়াই বেশি উপকারী।