পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ ও নিরাপদ পরিবেশের কারণে সাম্প্রতিক এক বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে এসেছে ভিয়েতনাম। বিশেষ করে যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির নীরবতায় ডুব দিতে চান, তাদের জন্য দক্ষিণ ভিয়েতনাম এখন এক আকর্ষণীয় গন্তব্য। তুলনামূলকভাবে কম পরিচিত হলেও এই অঞ্চলের হাইকিং ট্রেইলগুলো রোমাঞ্চ, বৈচিত্র্য এবং প্রশান্তির অনন্য সমন্বয় উপহার দেয়।

উত্তর ও মধ্য ভিয়েতনামের পাহাড়ি সৌন্দর্যের কথা অনেকেরই জানা। তবে দক্ষিণাঞ্চলের সমতলভূমির আশপাশে ছড়িয়ে থাকা ট্রেইলগুলোও কম চমকপ্রদ নয়। হো চি মিন সিটির ব্যস্ততা থেকে দূরে থাকা এসব পথ স্বল্প ও দীর্ঘ উভয় ধরনের ট্রেকিংয়ের জন্য উপযোগী।

ব্ল্যাক ভার্জিন মাউন্টেন
তায় নিন প্রদেশের এই শৃঙ্গ দক্ষিণ ভিয়েতনামের সর্বোচ্চ, উচ্চতা ৯৯৬ মিটার। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। কেবল কারে ওঠার সুযোগ থাকলেও অধিকাংশ অভিযাত্রী পাথুরে পথে হেঁটে ওঠার চ্যালেঞ্জ নেন। পথে বিশ্রামের সুযোগ কম, তবে চূড়ায় পৌঁছে বিস্তীর্ণ ধানখেতের দৃশ্য ক্লান্তি ভুলিয়ে দেয়।

চুয়া চান পাহাড়
দং নাই প্রদেশের ৮৩৭ মিটার উচ্চতার এই পাহাড় সপ্তাহান্তে ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য জনপ্রিয়। বিদ্যুৎ লাইনের নম্বর দেখে পথচলার অগ্রগতি বোঝা যায়। ঘন সবুজ বন এবং শান্ত পরিবেশ এটিকে নতুন ট্রেকারদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে।

ক্যাট টিয়েন ন্যাশনাল পার্ক
ইউনেসকো স্বীকৃত এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। গিবন ট্রেকিং এখানে অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা, যেখানে বনের গভীরে গিয়ে গিবনের ডাক শোনা যায়। শতবর্ষী টুং গাছ ও বহু কাণ্ডবিশিষ্ট বাং লাং গাছ এই পার্কের বৈশিষ্ট্য বাড়িয়েছে।

দিন মাউন্টেইন
বা রিয়া-ভুং তাউ অঞ্চলের এই পাহাড়টি হো চি মিন সিটির কাছাকাছি। শান্ত ট্রেইল, বৌদ্ধমন্দির এবং প্রাকৃতিক ঝরনা মিলিয়ে এখানে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা পাওয়া যায়। বর্ষায় পথ পিচ্ছিল হয়ে যায়, তাই সতর্কতা জরুরি।

তা নাং-ফান দুং ট্রেইল
প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইল দীর্ঘমেয়াদি হাইকিংয়ের জন্য আদর্শ। বন, পাহাড় ও নদীর মনোরম দৃশ্যের পাশাপাশি স্থানীয় কোহো ও চুরু জনগোষ্ঠীর জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ মেলে। দুর্গম পথ হওয়ায় গাইড সঙ্গে রাখা প্রয়োজন।